নিজস্ব প্রতিবেদক: ইসলামাবাদে ইরান-আমেরিকা সংলাপ ব্যর্থ হওয়ায় যুদ্ধ পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারে। সোমবার (১৩ এপ্রিল) সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩০.৩৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৩.০৮ পয়েন্ট কমে ১ হাজার ৫৭.৯৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২১.৩০ পয়েন্ট কমে ১ হাজার ৯৮১.০৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭৯৩ কোটি ৪২ লাখ টাকা। আগের কর্মদিবসে যা ছিল ৮৩৭ কোটি ১০ লাখ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে প্রায় ৪৩ কোটি ৬৮ লাখ টাকা।
৩৯০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ায় শেয়ারবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক ফিরলে বাজারেও স্থিতিশীলতা আসবে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) পতন দেখা গেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৭.১৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৭২৭.৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ০.৯৩ পয়েন্ট বেড়েছিল।
সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৩৩ লাখ টাকা। পূর্ববর্তী দিনে যা ছিল ৫৪ কোটি টাকা। ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।


