সূচক কমলেও বেড়েছে লেনদেন

আস্থার সংকটে শেয়ারবাজার, কার্যকর পদক্ষেপের অপেক্ষায় বিনিয়োগকারীরা

সময়: সোমবার, আগস্ট ২৪, ২০২৬ ৩:১০:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: টানা দ্বিতীয় কার্যদিবসেও পতনের মুখে পড়েছে দেশের পুঁজিবাজার। সোমবার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকেই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে, পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে টাকার অঙ্কে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও হ্রাস পেয়েছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক এই ধারাবাহিক পতনে ডিএসইর মূল সূচক প্রায় দুই মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছে। লেনদেনের পরিমাণও পাঁচ মাসের মধ্যে সবচেয়ে কমেছে। অথচ এই পরিস্থিতিতেও নিয়ন্ত্রক সংস্থা কোনো উদ্যোগ নিচ্ছে না, যা বিনিয়োগকারীদের মধ্যে চরম হতাশা তৈরি করেছে। অনেকেই এখন বাজারের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তারা মনে করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে বড় ধরনের ধস নামতে পারে। ইতিমধ্যেই বর্তমান কমিশনের প্রতি আস্থা হারিয়েছেন বিনিয়োগকারীরা। দিন দিন এই কমিশনের ব্যর্থতার বোঝা আরও স্পষ্ট হয়ে উঠছে। নতুন সরকার গঠনের পর বাজার যখন স্থিতিশীলতার পথে যাচ্ছিল, তখনই এই কমিশনের নিষ্ক্রিয়তায় তা থমকে দাঁড়িয়েছে। সরকার বিনিয়োগকারীদের স্বার্থ ও বাজার উন্নয়নের জন্যই নতুন এই কমিশন গঠন করেছিল, কিন্তু তাদের প্রত্যাশা পূরণের বদলে তা হতাশায় পরিণত হয়েছে।

বাজার বিশ্লেষণে জানা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৮.৬৪ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪৩.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে, যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৫ জুন সূচকটি ছিল ৫ হাজার ৬৫৩ পয়েন্টের কাছাকাছি। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৬.৩০ পয়েন্ট কমে ১ হাজার ১২৩.৯৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪.৬৩ পয়েন্ট কমে ২ হাজার ১৩০.৮৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে আজ মোট ৩৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ১৪টির দর বেড়েছে, বিপরীতে ৩৫৫টির দর কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে।

আজ ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬০১ কোটি ৯৭ লাখ টাকা, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন। উল্লেখ্য, গত ৭ এপ্রিল লেনদেন হয়েছিল ৫৯৭ কোটি ১ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭১১ কোটি ১৪ লাখ টাকা, সেই তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১০৯ কোটি ১৭ লাখ টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মোট ১৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল সেখানে লেনদেন হয়েছিল ৬ কোটি ৪৬ লাখ টাকা।

সিএসইতে আজ ১৯১টি প্রতিষ্ঠানের লেনদেনের মধ্যে ২১টির দর বেড়েছে, ১৫৯টির দর কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত রয়েছে।

পাশাপাশি সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৩.৭৯ পয়েন্ট কমে ১৫ হাজার ২৫৫.৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে, যদিও আগের দিন এটি কমেছিল ৭৪.০৯ পয়েন্ট।

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged