সূচক কমলেও বেড়েছে লেনদেন

দাম বাড়ার জোয়ারে ডিএসইতে বাজার মূলধন বৃদ্ধি ৮ হাজার কোটি টাকার বেশি

সময়: শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৩:৩৪:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: টানা দ্বিতীয় সপ্তাহের মতো দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বাজার মূলধনের উত্থান দেখেছে। বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেসব কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে, তার তুলনায় তিনগুণেরও বেশি প্রতিষ্ঠানের দর বেড়েছে। এর প্রভাবে ডিএসইর বাজার মূলধন ৮ হাজার কোটি টাকার বেশি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে প্রধান সূচকসহ সব সূচকে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। তবে দৈনিক গড় লেনদেনের পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর টানা দুই সপ্তাহ বাজারে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া ২৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ৮৩টির দর কমেছে এবং ৩২টির দর অপরিবর্তিত ছিল। অর্থাৎ মোট লেনদেন হওয়া প্রতিষ্ঠানের ৭০ দশমিক ৪৪ শতাংশের দাম বেড়েছে।

দাম বৃদ্ধির বিস্তৃত প্রবণতার ফলে সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৩৬৪ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ১০ হাজার ৩৭ কোটি টাকা। ফলে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৩২৭ কোটি টাকা বা ১ দশমিক ১৭ শতাংশ। এর আগের সপ্তাহে বাজার মূলধন বৃদ্ধি পেয়েছিল ১ হাজার ৬০ কোটি টাকা।

সূচকের দিক থেকেও ছিল ইতিবাচক চিত্র। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে ১৩৪ দশমিক ৩৪ পয়েন্ট বা ২ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে সূচকটির বৃদ্ধি ছিল ৬৫ দশমিক ৯৯ পয়েন্ট বা ১ দশমিক ২২ শতাংশ।

অন্যদিকে, বাছাই করা কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএসই-৩০ সূচক বেড়েছে ৭১ দশমিক ৫৮ পয়েন্ট বা ৩ দশমিক ৪১ শতাংশ। আগের সপ্তাহে এই সূচকের উত্থান ছিল ৩৮ দশমিক ৯৩ পয়েন্ট বা ১ দশমিক ৮৯ শতাংশ।

ইসলামী শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সমন্বয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচকও ঊর্ধ্বমুখী ছিল। সপ্তাহজুড়ে সূচকটি বেড়েছে ২১ দশমিক ০৯ পয়েন্ট বা ১ দশমিক ৯৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি ১ দশমিক ৮৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১৭ শতাংশ কমেছিল।

তবে লেনদেনের পরিমাণে কিছুটা ভাটা পড়েছে। বিদায়ী সপ্তাহে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭২৪ কোটি ৮৬ লাখ টাকা। আগের সপ্তাহে যা ছিল দৈনিক গড়ে ১ হাজার ৫০ কোটি ৪ লাখ টাকা। অর্থাৎ গড়ে প্রতিদিন লেনদেন কমেছে ৩২৫ কোটি ১৮ লাখ টাকা বা ৩০ দশমিক ৯৭ শতাংশ।

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged