নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বহুল কাঙ্ক্ষিত অংশগ্রহণমূলক নির্বাচনের পর আজ (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সরকার। দেশের সর্বস্তরের মানুষের মতো বিনিয়োগকারীদেরও নজর ছিল এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানের দিকে। দেশের অন্যান্য খাতের উন্নয়নের পাশাপাশি শেয়ারবাজারের সার্বিক উন্নয়নেও বর্তমান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিনিয়োগকারীরা আশাবাদী।
নতুন সরকারের শপথ অনুষ্ঠানের দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল স্বাভাবিক ও স্থিতিশীল। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কিছুটা কমেছে। তবে বাজারে কোনো ধরণের অস্থিরতা দেখা যায়নি। বরং বিনিয়োগকারীরা অত্যন্ত সতর্ক অবস্থান নিয়ে লেনদেনে অংশগ্রহণ করেছেন। বাজার সংশ্লিষ্টরা বর্তমান পরিস্থিতিকে স্বাভাবিক বলে মনে করছেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৭০.৫৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১৭.১৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৬.২৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, দর কমেছে ২৩৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।
লেনদেনের অঙ্কের দিকে নজর দিলে দেখা যায়, আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ২২২ কোটি ৩০ লাখ টাকা। আগের দিন (সোমবার) লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৫৭ কোটি ৩ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৩৪ কোটি ৭৩ লাখ টাকা।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সূচক ও লেনদেন উভয়ই কমেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১৬.৯৫ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক ৭.৫৭ পয়েন্ট বেড়েছিল।
সিএসইতে আজ মোট ২৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৫৫ লাখ টাকার।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৩টির, দর কমেছে ১১২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৬টির।


