বিশেষ প্রতিনিধি: শেয়ারবাজারের ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত ৩৪টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত ২৯টি প্রতিষ্ঠান অক্টোবর-ডিসেম্বর’২৫ প্রান্তিকের (দ্বিতীয় প্রান্তিক) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত এই প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, আলোচ্য প্রান্তিকে ৫টি কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় হ্রাস পেয়েছে। অপরদিকে ১৮টি কোম্পানির আয় বেড়েছে এবং ৫টি কোম্পানি টানা লোকসানের মুখে রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আয় কমে যাওয়া কোম্পানিগুলো হলো- অ্যাডভেন্ট ফার্মা, ফার কেমিক্যাল, জেএমআই হসপিটাল, জেএমআই সিরিঞ্জ এবং টেকনো ড্রাগস।
প্রতিষ্ঠানগুলোর প্রান্তিকভিত্তিক আয়ের চিত্র পর্যালোচনা করা হলো:
অ্যাডভেন্ট ফার্মা: অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৮ পয়সা। অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর’২৫) আয় দাঁড়িয়েছে ২৪ পয়সায়, যা আগের বছর একই সময়ে ছিল ৩৪ পয়সা।
ফার কেমিক্যাল: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ৮৫ পয়সা লোকসান করেছে, যেখানে আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৬ পয়সা (মুনাফা)। অর্ধবার্ষিকেও লোকসান অব্যাহত থেকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮০ পয়সা, আগের বছর একই সময়ে যেখানে ইপিএস ছিল ৩২ পয়সা।
জেএমআই হসপিটাল: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কমে ২১ পয়সা হয়েছে, আগের বছর একই সময়ে যা ছিল ৫১ পয়সা। অর্ধবার্ষিকেও আয় কমে ৪৯ পয়সা হয়েছে (আগের বছর ছিল ১ টাকা ৬ পয়সা)।
জেএমআই সিরিঞ্জ: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা লোকসান করেছে, যেখানে আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯৮ পয়সা (মুনাফা)। অর্ধবার্ষিকেও লোকসানে থেকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫১ পয়সা, আগের বছর একই সময়ে যেখানে ইপিএস ছিল ১ টাকা ৭১ পয়সা।
টেকনো ড্রাগস: দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কিছুটা কমে ৪০ পয়সা হয়েছে, আগের বছর একই সময়ে যা ছিল ৪৮ পয়সা। অর্ধবার্ষিকেও আয় কমে ৮৭ পয়সা হয়েছে (আগের বছর ছিল ১ টাকা ৮ পয়সা)।
উল্লেখ্য, এই খাতের বাকি কোম্পানিগুলোর মধ্যে ১৮টির আয় বেড়েছে এবং ৫টি কোম্পানি ধারাবাহিকভাবে লোকসানে রয়েছে।


