বিক্রির চাপে দরপতন, বেড়েছে লেনদেন

সময়: রবিবার, মার্চ ২৯, ২০২৬ ৩:০৬:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবসে পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। বিপরীতে দর কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের।

রোববার (২৯ মার্চ, ২০২৬) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৪.১৭ পয়েন্ট কমে ৫ হাজার ২৭২.০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৬.১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২১.৩২ পয়েন্ট কমে ১ হাজার ৯৯৮.৩৯ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৪টির দর বেড়েছে, ২৫০টির দর কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত রয়েছে।

তবে লেনদেনের পরিমাণ বেড়েছে। আজ ডিএসইতে মোট ৬৪৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৪২ কোটি ৬১ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬০৩ কোটি ৮১ লাখ টাকার।

ঈদের ছুটির প্রভাব
বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ঈদের ছুটির পর অনেক বিনিয়োগকারীর হাত খালি। প্রয়োজনীয় টাকা সংগ্রহের জন্য তারা শেয়ার বিক্রি করছেন, যার ফলে ক্রয়ের তুলনায় বিক্রির চাপ বেড়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ঈদের পর পুরোদমে অফিস-আদালত চালু হওয়ায় লেনদেন স্বাভাবিক গতিতে ফিরলেও পকেট খালি থাকায় অনেকে নতুন করে কেনার পরিবর্তে বিক্রিতে মনোযোগী হয়েছেন। এটাই সূচকের পতনের মূল কারণ।

তবে তারা মনে করছেন, এই পরিস্থিতি সাময়িক। স্বল্প সময়ের মধ্যেই বাজার আবারও ইতিবাচক ধারায় ফিরবে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থা
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৪.৯৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৯৯.৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি কমেছিল ২৪.৪১ পয়েন্ট।

সিএসইতে আজ ১৯৯টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

আজ সিএসইতে মোট ৩২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ২০ কোটি ৬ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged