বিধিমালা লঙ্ঘনে কঠোর বিএসইসি, ভ্যানগার্ডকে জরিমানা বহাল রাখার সিদ্ধান্ত

সময়: বুধবার, এপ্রিল ১, ২০২৬ ১০:৩৯:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ওপর আরোপিত ১০ কোটি টাকার জরিমানা বহাল রেখেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে প্রতিষ্ঠানটির দাখিল করা আপিল আবেদনও গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

তথ্যানুযায়ী, ২০১৭ সালে ভ্যানগার্ড পরিচালিত একটি মিউচ্যুয়াল ফান্ড থেকে এএফসি হেলথ লিমিটেডে বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ করা হয়। এর মধ্যে ৪ কোটি টাকাসহ মোট ৯ কোটি টাকা নির্ধারিত ৩০ দিনের মধ্যে ফেরত না আনার কারণে বিএসইসি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এবং মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা, ২০০১ অনুযায়ী কোম্পানিটির ওপর ১০ কোটি টাকার জরিমানা আরোপ করা হয়, যা ইতোমধ্যে কার্যকর রয়েছে।

তবে নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও বিনিয়োগকৃত অর্থ ফেরত আনতে ব্যর্থ হয় ভ্যানগার্ড। পরবর্তীতে ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি আপিল করলেও নিয়ম অনুযায়ী জরিমানার ন্যূনতম ১৫ শতাংশ জমা না দেওয়ায় সেই আপিল গ্রহণযোগ্য হয়নি বলে জানিয়েছে বিএসইসি।

নিয়ন্ত্রক সংস্থার মতে, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার ৩৩(১), ৩৩(৮), ৫৬, ৫৮ ও ৫৯ ধারাসহ একাধিক বিধান লঙ্ঘন করেছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে ফান্ডের অর্থ ফেরত দিতে না পারায় এ শাস্তিমূলক ব্যবস্থা বহাল রাখা হয়েছে।

এদিকে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা এবং বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন করার অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে মিউচ্যুয়াল ফান্ডের অর্থ অনিয়মিতভাবে বিনিয়োগ, আত্মসাৎ এবং বিদেশে পাচারের মতো গুরুতর অভিযোগ নিয়েও তদন্ত চালিয়ে যাচ্ছে বিএসইসি। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত ফান্ড ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, মিউচ্যুয়াল ফান্ড খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থার এ ধরনের কঠোর পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং অন্যান্য সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর জন্য এটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged