ভুয়া বিল ও তহবিল অপব্যবহারের প্রমাণ, বিএসইসি পরিচালকের বাধ্যতামূলক অবসর

সময়: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১১:২১:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা Bangladesh Securities and Exchange Commission (বিএসইসি) তাদের সাময়িকভাবে বরখাস্ত থাকা পরিচালক আবু রায়হান মোহাম্মদ মুতাসিম বিল্লাহকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। বিভাগীয় তদন্তে অসদাচরণ ও দুর্নীতির একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশনের ৯৯১তম সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

 

তার বিরুদ্ধে আনা প্রধান অভিযোগগুলোর মধ্যে ছিল—ভবন নির্মাণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে কমিশনকে বিভ্রান্তিকর তথ্য প্রদান, অগ্রিম তহবিলের অপব্যবহার এবং কাজ সম্পন্ন না করেই ভুয়া ভাউচারের মাধ্যমে বিল উত্তোলন।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি ইট, বালু, রড ও সিমেন্ট ক্রয়ের কথা উল্লেখ করে ৯টি ভাউচারের মাধ্যমে প্রায় ৪০ লাখ ৭৩ হাজার টাকার বিল দাখিল করা হয়। কিন্তু বাস্তবে কোনো নির্মাণকাজ সম্পন্ন হয়নি।

এছাড়া গত বছরের ৯ সেপ্টেম্বর তিনি লিখিতভাবে দাবি করেন, অনুমোদিত নকশা অনুযায়ী পাঁচতলা ভবনের ভিত্তি ও প্রথম তলার কাজ শেষ হয়েছে। তবে চলতি বছরের ২২ জানুয়ারি কমিশনের পরিদর্শন দল নির্ধারিত স্থানে গিয়ে কোনো ভবনের অস্তিত্ব খুঁজে পায়নি।

 

অভ্যন্তরীণ অডিটে আরও দেখা যায়, গৃহনির্মাণ ঋণ বাবদ নেওয়া অর্থের মধ্যে অতিরিক্ত ৬০ লাখ ৯৯ হাজার টাকা এবং ৯ লাখ ৪৫ হাজার টাকা সুদ পরিশোধ করা হয়নি। পাশাপাশি ভবন নির্মাণের জন্য গ্রহণ করা আরও ২৫ লাখ টাকাও জমা দেওয়া হয়নি।

 

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কমিশনের ৯৭২তম সভায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও কারণ দর্শানোর নোটিশ জারির সিদ্ধান্ত হয়। পরবর্তীতে একজন নির্বাহী পরিচালককে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২৭ নভেম্বর জমা দেওয়া প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা ২, ৩, ৫ ও ৬ নম্বর অভিযোগ (অসদাচরণ) সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

দাখিল করা আত্মপক্ষ সমর্থনের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় ৯ ডিসেম্বর তাকে বড় শাস্তির বিষয়ে দ্বিতীয় দফা শোকজ করা হয়। ২৯ ডিসেম্বরের জবাবেও তিনি অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে পারেননি।

সবশেষে ৯৯১তম সভায় বিস্তারিত আলোচনার পর কমিশন তাকে দোষী সাব্যস্ত করে। বিধি অনুযায়ী সরাসরি বরখাস্ত বা অপসারণের সুযোগ থাকলেও মানবিক ও আর্থিক বিষয় বিবেচনায় ‘কমিশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০২১’ অনুসারে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged