সূচক কমলেও বেড়েছে লেনদেন

ভূরাজনৈতিক উত্তেজনায় বড় ধস, ১৪ দিনের সর্বনিম্নে ডিএসই সূচক

সময়: মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ ২:৫৬:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ইরান-ইসরায়েল চলমান সংঘাতের প্রভাব দেশের শেয়ারবাজারে পড়েছে। টানা দুই দিন দরপতনের পর গতকাল সোমবার কিছুটা ঘুরে দাঁড়ালেও আজ মঙ্গলবার ফের ব্যাপক ধস নেমেছে। এর ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১৪ দিন আগের অবস্থানে পিছিয়ে গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ভূ-রাজনৈতিক এই অস্থিরতা বেশি দিন স্থায়ী হবে না। সংঘাত কমে এলে বাজারও স্বাভাবিক গতি ফিরে পাবে। এ সময় আতঙ্কিত না হয়ে ধৈর্যের সঙ্গে বাজার মোকাবিলা এবং সতর্কতার সঙ্গে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তারা।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০৮.৯৮ পয়েন্ট কমে ৫ হাজার ৩২৫.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি সূচক ছিল ৫ হাজার ৩৯৯.৯৫ পয়েন্ট। এছাড়া ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩৬.৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৩.৩৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮৫.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫০.১২ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া মোট ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে মাত্র ৩১টির, বিপরীতে দর কমেছে ৩৪৯টির। অপরিবর্তিত ছিল ১১টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

পতন হলেও লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসইতে আজ মোট ৮৮৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭৮৯ কোটি ৯৫ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১০৫ কোটি ১৭ লাখ টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। প্রতিষ্ঠানটির সার্বিক সূচক সিএএসপিআই আজ ৪২৭.৫০ পয়েন্ট কমে ১৫ হাজার ৭২.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ ২৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১৯ কোটি ৪৪ লাখ টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত ছিল ১৩টির শেয়ার দর।

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged