নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যসূচক এবং বেড়েছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ।
ডিএসইর সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, গত সপ্তাহে লেনদেন হওয়া মোট প্রতিষ্ঠানের মধ্যে ২৩১টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অপরদিকে ১৪১টির দাম কমেছে, আর ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ, দরপতনের তুলনায় দরবৃদ্ধির তালিকায় থাকা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় দ্বিগুণ।
দরবৃদ্ধির এই প্রবণতার ফলে সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৫৭ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৬ লাখ ৯৫ হাজার ৮১ কোটি টাকা। ফলে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৪ হাজার ৪৭৬ কোটি টাকা বা ০ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে।
বাজার মূলধনের পাশাপাশি ডিএসইতে প্রধান মূল্যসূচকেও ইতিবাচক ধারা অব্যাহত ছিল। সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮০ দশমিক ০৭ পয়েন্ট বা ১ দশমিক ৫৫ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ৫৪ দশমিক ৭০ পয়েন্ট বা ১ দশমিক ০৭ শতাংশ।
অন্য সূচকগুলোর মধ্যেও ঊর্ধ্বগতি দেখা গেছে। ইসলামি শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক সপ্তাহজুড়ে ৩৭ দশমিক ৬৪ পয়েন্ট বা ৩ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে এই সূচকের বৃদ্ধি ছিল ৯ দশমিক ০৭ পয়েন্ট বা ০ দশমিক ৮৮ শতাংশ।
এ ছাড়া বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহে ১৫ দশমিক ৩১ পয়েন্ট বা ০ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে সূচকটির উত্থান ছিল ২৩ দশমিক ৬৬ পয়েন্ট বা ১ দশমিক ২১ শতাংশ।
এদিকে, বাজারে লেনদেনের গতিও বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে প্রতি কার্যদিবসে গড়ে ৬৬৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৫৭৯ কোটি ৪২ লাখ টাকা। ফলে প্রতি কার্যদিবসে গড় লেনদেন ৮৮ কোটি ৭৫ লাখ টাকা বা ১৫ দশমিক ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


