সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের ইতিবাচক সূচনা, কিন্তু বাজারে আস্থার ঘাটতি

সময়: রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬ ২:১৬:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পবিত্র রমজান মাসের প্রথম কর্মদিবস আজ রোববার (২২ ফেব্রুয়ারি, ২০২৬) সপ্তাহের শুরুতে শেয়ারবাজারে সূচকের কিছুটা উন্নতি দেখা গেলেও তাতে খুশি হতে পারেননি বিনিয়োগকারীরা। দিন শেষে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন ঘটায় হতাশা বিরাজ করছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ প্রধান সূচক ডিএসইএক্স ১.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৭.৮৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৬.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৪.১৯ পয়েন্টে। তবে ডিএসইএস সূচক ০.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪.৭৯ পয়েন্টে।

লেনদেনের দিকে তাকালে দেখা যায়, আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কিছুটা বেড়েছে। আগের দিন যেখানে ৫৫৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল, সেখানে আজ লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ৮ লাখ টাকার। তবে লেনদেনে অংশ নেওয়া ৩৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র ১২৩টির, অপরদিকে কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির দর।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। অনেকে আশা করেছিলেন সূচক ও লেনদেন নতুন রেকর্ড গড়বে। যদিও আগের সপ্তাহের শুরুটা ছিল ইতিবাচক, কিন্তু টানা চার দিনের পতনে সেই আশা কিছুটা ম্লান হয়ে আসে। তবে ওই চার দিনের পতন সপ্তাহের প্রথম দিনের উত্থানকে অতিক্রম করতে পারেনি বলে মনে করছেন তারা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ পতন দেখা গেছে। এখানে সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩২৭.০৮ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত ছিল ১৭টির দর। লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৪ লাখ টাকার।

বাজার বিশ্লেষকরা অবশ্য এই পরিস্থিতিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না। তাদের মতে, রমজান মাসে স্বাভাবিকভাবেই লেনদেনের গতি কিছুটা কমে যায়। বর্তমান পরিস্থিতিতে বড় কোনো ধস বা ব্যাপক দরপতনের আশঙ্কা নেই। নতুন সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং রমজান পরবর্তী সময়ে বাজার আবারও গতি ফিরে পাবে বলে তারা আশাবাদী।

Share
নিউজটি ৬ বার পড়া হয়েছে ।
Tagged