নিজস্ব প্রতিবেদক, ৩১ মার্চ ২০২৬: একদিনের ব্যবধানে আগের অবস্থানে ফিরে এসেছে পুঁজিবাজারের বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন করায় কোম্পানিটি আজ আবারও ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। গতকাল কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০২৪ সালের ২০ মে জারি করা নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করতে ব্যর্থ হওয়ায় গতকাল কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। এর ফলে সোমবার (৩০ মার্চ) থেকে আলহাজ্ব টেক্সটাইলের শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হয়।
কিন্তু আজ নির্ধারিত ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন করায় কোম্পানিটি আগের ক্যাটাগরিতে ফিরে এসেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এতে ৫ শতাংশ নগদ (ক্যাশ) এবং ৩৫ শতাংশ বোনাস (স্টক) ডিভিডেন্ড রয়েছে।


