শেয়ারবাজার উন্নয়নে জাপানের সঙ্গে ডিবিএর ঐতিহাসিক সমঝোতা

সময়: শনিবার, এপ্রিল ১৮, ২০২৬ ৬:০৯:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারের টেকসই উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে নতুন পদক্ষেপ নিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এ লক্ষ্যেই জাপানের জাপান সিকিউরিটিজ ডিলারস অ্যাসোসিয়েশন (জেএসডিএ)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে সংগঠনটি।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাক্ষরিত এ চুক্তিতে জেএসডিএর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাকাশি হিবিনো এবং ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। ডিবিএর সেক্রেটারি মো. দিদারুল গনীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিবিএর ইতিহাসে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক স্বনিয়ন্ত্রক সংস্থা (এসআরও)-এর সঙ্গে এ ধরনের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে, যা সংগঠনটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ দেশের পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সহায়ক ভূমিকা রাখবে।

সমঝোতা স্মারকের আওতায় দুই সংস্থা শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে। এর মধ্যে রয়েছে আইন ও বিধিবিধান বিষয়ে অভিজ্ঞতা বিনিময়, এসআরও কাঠামোর উন্নয়ন, তদারকি ও কমপ্লায়েন্স কার্যক্রম জোরদার, আর্থিক লেনদেন ব্যবস্থার আধুনিকীকরণ, নতুন বিনিয়োগ পণ্য উদ্ভাবন এবং বিনিয়োগকারী শিক্ষার প্রসার।

এছাড়া পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী তথ্য বিনিময় ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে উভয় পক্ষ।

চুক্তি সম্পর্কে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, এই সমঝোতা বাংলাদেশের শেয়ারবাজারের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি। জেএসডিএর মতো অভিজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে কাজের মাধ্যমে বাজারের কাঠামোগত উন্নয়ন, সুশাসন এবং দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি আন্তর্জাতিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে, যা বাজারকে আরও আধুনিক, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করে তুলবে।

ডিবিএ এ চুক্তি বাস্তবায়নে সহযোগিতার জন্য জেএসডিএকে ধন্যবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এ অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছে।

উল্লেখ্য, জেএসডিএর উদ্যোগে গঠিত এশিয়া সিকিউরিটিজ ফোরাম (এএসএফ) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। ডিবিএ ২০২৩ সাল থেকে এ ফোরামের সদস্য হিসেবে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে, যা দেশের পুঁজিবাজারের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged