নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ায় বিনিয়োগকারীদের সতর্ক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানি তিনটির শেয়ার নিয়ে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা দেওয়ায় বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর সতর্কবার্তার আওতায় আসা তিন কোম্পানি হলো—ইউনাইটেড ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ।
ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিগুলোর শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে গত ৬ আগস্ট সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে ব্যাখ্যা চাওয়া হয়। এর জবাবে তিন কোম্পানির কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর বাড়ছে।
বাজারের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৭ জুলাই ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৫০ টাকা ৩০ পয়সা। এরপর ৫ আগস্ট লেনদেন শেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়ায় ৬৮ টাকা ১০ পয়সায়। অর্থাৎ ছয় কর্মদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ৮০ পয়সা বা প্রায় ৩৫ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে।
অন্যদিকে, অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর গত ২৮ জুলাই ছিল ১৯ টাকা ২০ পয়সা। ৬ আগস্ট লেনদেন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ৮০ পয়সায়। ফলে ছয় কর্মদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা বা প্রায় ১৮ দশমিক ৭৫ শতাংশ।
এদিকে, সায়হাম টেক্সটাইলের শেয়ার দর গত ২৬ জুলাই ছিল ১৮ টাকা ৮০ পয়সা। ৬ আগস্ট লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ আট কর্মদিবসের ব্যবধানে শেয়ারটির দর ৭ টাকা ৬০ পয়সা বা প্রায় ৪০ দশমিক ৪২ শতাংশ বেড়েছে।
এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছে ডিএসই।


