নিজস্ব প্রতিবেদক: বিমা খাতে গ্রাহকের আস্থা পুনর্গঠন ও পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তৃতীয় দফায় ৭ হাজার ৬৪১ জন পলিসিধারীর ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকার বিমা দাবি পরিশোধ করা হচ্ছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তদারকিতে সংশ্লিষ্ট বিমা কোম্পানিগুলো নিজ নিজ কার্যালয় থেকে এসব দাবি পরিশোধ করছে। পুরো কার্যক্রম আইডিআরএ নিবিড়ভাবে তদারকি করছে।
রোববার (৪ অক্টোবর) আইডিআরএ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আইডিআরএ জানিয়েছে, বিমা খাতে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা এবং বৈধ দাবিগুলো দ্রুত নিষ্পত্তির মাধ্যমে পলিসিধারীদের স্বার্থ সুরক্ষায় কর্তৃপক্ষ কাজ করছে। এরই ধারাবাহিকতায় তৃতীয় দফায় বিপুলসংখ্যক পলিসিধারীর বিমা দাবি পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় আইডিআরএ কার্যালয়ে সরাসরি পলিসিধারীদের বিমা দাবি পরিশোধ করা হয়। ওই উদ্যোগের মাধ্যমে বৈধ দাবি আদায় এবং গ্রাহকের স্বার্থ সুরক্ষায় কর্তৃপক্ষের অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরা হয়।
প্রথম ও দ্বিতীয় দফার কার্যক্রমের ইতিবাচক ফলাফলের ধারাবাহিকতায় এবার সংশ্লিষ্ট বিমা কোম্পানিগুলোর নিজস্ব কার্যালয় থেকে দাবি পরিশোধ করা হচ্ছে। এতে পলিসিধারীরা সংশ্লিষ্ট কোম্পানির কার্যালয় থেকেই তাদের প্রাপ্য অর্থ গ্রহণ করতে পারছেন।
আইডিআরএ বলছে, বিমা খাতে দীর্ঘদিনের অনাস্থা কাটিয়ে গ্রাহকদের আস্থা পুনর্গঠনে দাবি পরিশোধের এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বৈধ দাবি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।
কর্তৃপক্ষের তদারকিতে চলমান এই কার্যক্রমের মাধ্যমে বিমা কোম্পানিগুলোর দাবি নিষ্পত্তির ক্ষেত্রে জবাবদিহি ও দায়িত্বশীলতা আরও বাড়বে বলে আশা করছে আইডিআরএ।


