নিজস্ব প্রতিবেদক: ঋণখেলাপি বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো এলপিজিকে বিশেষ ব্যাংকিং সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় শাইনপুকুর সিরামিকসের ১০৫ কোটি টাকার চলতি মূলধন ঋণসীমা নবায়ন এবং বেক্সিমকো এলপিজির অনুকূলে ঋণপত্র (এলসি) খোলার অনুমতি দেওয়া হয়েছে। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে।
সোমবার (১২ অক্টোবর) এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, শাইনপুকুর সিরামিকসের ঋণখেলাপি থাকার পরও সোনালী ব্যাংকে প্রতিষ্ঠানটির ১০৫ কোটি টাকার চলতি মূলধন ঋণসীমা নবায়ন করা যাবে। এ ক্ষেত্রে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক(৩) ধারার বিধান প্রযোজ্য হবে না।
রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ১৭ আগস্ট শতভাগ মার্জিনের বিপরীতে শাইনপুকুর সিরামিকসের ঋণপত্র খোলার অনুমতিও দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
অন্যদিকে ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে বেক্সিমকো এলপিজির অনুকূলে শতভাগ মার্জিনের বিপরীতে ঋণপত্র খোলার অনুমোদন দেওয়া হয়েছে। এ সুবিধাও আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
বিশেষ সুবিধা দেওয়ার ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের জন্য দুটি শর্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রথমত, এ সুবিধার কারণে সরকারের ওপর কোনো ধরনের দায় সৃষ্টি করা যাবে না। দ্বিতীয়ত, প্রতিষ্ঠান দুটির সব আয় নির্ধারিত একটি হিসাবে জমা রাখতে হবে। ওই হিসাব থেকে পাওনাদারদের পাওনা আনুপাতিক হারে পরিশোধ করতে হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক(৩) ধারায় ঋণখেলাপি প্রতিষ্ঠানকে ব্যাংকিং সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। তবে সরকারের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ ব্যাংক এ দুই প্রতিষ্ঠানের জন্য ওই বিধান থেকে ছাড় দিয়েছে।
বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানের পাশাপাশি সম্প্রতি আরও কয়েকটি ঋণখেলাপি প্রতিষ্ঠানকেও একই ধরনের বিশেষ সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


