সূচক কমলেও বেড়েছে লেনদেন

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ

সময়: বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ ৯:০৭:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে চলমান ধারাবাহিক দরপতনে অস্থিরতা বিরাজ করছে। প্রতিদিনই বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। সেই সঙ্গে কমছে বাজারের প্রতি তাদের আস্থা। বাজার সংশ্লিষ্টদের অভিমত, নিয়ন্ত্রক সংস্থার বর্তমান কমিশন বাজার সংস্কার ও নানা বক্তব্য দিলেও পতন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। ফলে বাজার ক্রমশ তলানির দিকে এগিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিনিয়োগকারী সংগঠনগুলোর সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার বৈঠকে বসা প্রয়োজন বলে মনে করছেন তারা।

তাদের মতে, বাজার নিয়ন্ত্রণ করতে চাইলে সব পক্ষকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা বিনিয়োগকারী সংগঠনগুলোর পরামর্শ নিতে পারে। কারণ বাজার সম্পর্কে বিনিয়োগকারী সংগঠনগুলোর রয়েছে বিস্তর অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার সুফল কাজে লাগিয়ে বাজারের পতন ঠেকিয়ে এটিকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনা সম্ভব। তাই যত দ্রুত সম্ভব বিনিয়োগকারী সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠকে বসা উচিত। সবার সঙ্গে আলোচনা হলে বাজারের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত হবে। এতে বাজারের জন্য সুফল আসতে পারে।

এদিকে, আজ (১৪ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন সামান্য বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০.৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২৯.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২.৪৪ পয়েন্টে পৌঁছেছে। আর ডিএসই-৩০ সূচক ৩.১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯২.৬৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭টির দর বেড়েছে, ১৩৭টির দর কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৪১৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৪১৬ কোটি ১০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৫ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬২টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭.৯৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৫০৪.১১ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ২৬.৫৯ পয়েন্ট কমেছিল।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged