অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে শ্যামপুর সুগার নিয়ে ডিএসইর সতর্কতা

সময়: বুধবার, জুন ১০, ২০২৬ ১:৩৭:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ারদরে অস্বাভাবিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ পরিস্থিতিতে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার।

ডিএসই সূত্রে জানা যায়, শেয়ারদরের ধারাবাহিক ও অস্বাভাবিক বৃদ্ধি পর্যালোচনা করে গত ৮ জুন কোম্পানির কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। শেয়ারমূল্য বৃদ্ধির পেছনে কোনো নির্দিষ্ট কারণ বা মূল্য সংবেদনশীল তথ্য রয়েছে কি না, তা জানতে চেয়েছিল স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

ডিএসইর জবাবে শ্যামপুর সুগার কর্তৃপক্ষ জানিয়েছে, শেয়ারদরের এ ঊর্ধ্বগতির সঙ্গে সম্পর্কিত কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (Price Sensitive Information-PSI) তাদের কাছে নেই। অর্থাৎ কোম্পানির অজানা কোনো তথ্য বা ঘোষণার কারণে শেয়ারটির দাম বাড়েনি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাজার তথ্য অনুযায়ী, গত ২৩ মে শ্যামপুর সুগারের প্রতিটি শেয়ারের বাজারদর ছিল ১৪৩ টাকা ৬০ পয়সা। এরপর ধারাবাহিকভাবে মূল্য বৃদ্ধি পেয়ে ৮ জুন লেনদেন শেষে শেয়ারটির দাম দাঁড়ায় ১৯৫ টাকা ১০ পয়সায়।

ফলে মাত্র সাত কার্যদিবসের ব্যবধানে শেয়ারটির দর ৫১ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়েছে, যা শতাংশের হিসাবে প্রায় ৩৫ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি।

এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ডিএসই বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে কোম্পানির মৌলভিত্তি, আর্থিক অবস্থা ও বাজার পরিস্থিতি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে।

Share
নিউজটি ৮ বার পড়া হয়েছে ।
Tagged