সূচক কমলেও বেড়েছে লেনদেন

দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা, সংস্কারের সুফল মিলছে না বাজারে

সময়: সোমবার, অক্টোবর ১৯, ২০২৬ ৩:৫১:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে টানা দরপতনে অস্থিরতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে লেনদেন নিয়ে দ্বিধায় ভুগছেন বিনিয়োগকারীরা। বাজার ঘুরে দাঁড়ানোর আশায় পতনের সময় কম দরে শেয়ার কিনেও অনেকেই লোকসানের মুখে পড়েছেন। কারণ বাজারের এমন দুর্দশা হবে, তা কেউ অনুমান করেননি। বাজার স্বাভাবিক হওয়া তো দূরের কথা, সূচক তলানিতে গিয়ে ঠেকেছে। বাজারের এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বর্তমান কমিশনের প্রতি ক্ষোভ বাড়ছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

তাদের মতে, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার আগে বাজার যেভাবে স্থিতিশীল হচ্ছিল, তা ধরে রাখলে বর্তমানে সূচক ৭ হাজার পয়েন্ট ছাড়িয়ে যেতে পারত। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার শুরুতেই বাজার ছিল ঊর্ধ্বমুখী ও স্থিতিশীল। বাজারকে আরও স্থিতিশীল করতে আগের কমিশন পরিবর্তন করা হয়। কিন্তু তাতে হিতে বিপরীত হয়েছে। বাজারে সুদিন ফিরে আসার বদলে দুর্দিন নেমে এসেছে। যদিও বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজারে সংস্কারের কথা বলে আসছে এবং সে অনুযায়ী কিছু পদক্ষেপও নিয়েছে, তাতে কোনো ইতিবাচক ফল মেলেনি। বরং দিন দিন বাজারের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। শেয়ারবাজার উন্নয়নে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে সংস্কার করা উচিত। কিন্তু চলমান ধারাবাহিক দরপতন ঠেকানো এখন বেশি জরুরি। এ বিষয়ে কমিশনের কোনো উদ্যোগ নেই। সংস্কারের আগে দরপতন ঠেকানো জরুরি, কিন্তু সেখানে কমিশন নিশ্চুপ, যা বিনিয়োগকারীদের হতাশ করেছে।

এদিকে আজ (১৯ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৯৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫০.৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০.৪০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.৪২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৩.৩৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৮১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৭টির দর বেড়েছে, ১৩৬টির দর কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৫০২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৩৬৫ কোটি ৬১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৩৭ কোটি ২ লাখ টাকা।

এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৫০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৬৪টির দর কমেছে এবং ২২টির দর পরিবর্তন হয়নি।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৬.৮১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬০৩.৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচক সিএএসপিআই ৩৬.১৫ পয়েন্ট কমেছিল।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged