দুই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

গুজব নয়, এনএভি ও আর্থিক তথ্য যাচাই করে বিনিয়োগের পরামর্শ বিএসইসির

সময়: সোমবার, অক্টোবর ৫, ২০২৬ ৫:১২:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: মিউচুয়াল ফান্ডের ইউনিটের বাজারদর এবং সংশ্লিষ্ট ফান্ডের প্রকৃত নিট সম্পদমূল্যের (এনএভি) মধ্যে অস্বাভাবিক ব্যবধান সৃষ্টি হওয়ায় বিনিয়োগকারীদের সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিয়ন্ত্রক সংস্থাটির পর্যবেক্ষণে এসেছে, সাম্প্রতিক সময়ে কিছু মিউচুয়াল ফান্ডের ইউনিট সংশ্লিষ্ট ফান্ডের এনএভি পার ইউনিটের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি দামে পুঁজিবাজারে লেনদেন হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে বিএসইসি।

সোমবার (৫ অক্টোবর) বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বিএসইসি উল্লেখ করে, মিউচুয়াল ফান্ড একটি সুসংগঠিত ও নিয়ন্ত্রিত বিনিয়োগ মাধ্যম, যেখানে বহু বিনিয়োগকারীর অর্থ একত্র করে বিভিন্ন আর্থিক ইন্সট্রুমেন্ট ও সম্পদে বিনিয়োগ করা হয়। ফান্ডের অধীনস্থ সম্পদের বাজারমূল্যের ভিত্তিতে মোট সম্পদের মূল্য নির্ধারণ করা হয়। পরবর্তীতে মোট সম্পদমূল্য থেকে ফান্ডের দায়-দেনা বাদ দেওয়ার পর যে পরিমাণ অর্থ অবশিষ্ট থাকে, সেটিই ফান্ডের নিট সম্পদমূল্য বা এনএভি নামে পরিচিত।

একটি ফান্ডের মোট নিট সম্পদমূল্যকে ফান্ডের মোট ইউনিট সংখ্যা দ্বারা ভাগ করে প্রতি ইউনিটের নিট সম্পদমূল্য বা এনএভি পার ইউনিট নির্ণয় করা হয়। প্রচলিত বিধিবিধান অনুযায়ী, সংশ্লিষ্ট ফান্ডের অ্যাসেট ম্যানেজাররা নিয়মিতভাবে এনএভি ও ফান্ড-সংক্রান্ত অন্যান্য তথ্য প্রকাশ করে থাকেন।

বিএসইসির নজরে এসেছে, সম্প্রতি কিছু মিউচুয়াল ফান্ডের ইউনিট এনএভি পার ইউনিটের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে বেশি দামে লেনদেন হচ্ছে। সংস্থাটির মতে, কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিটের বাজারমূল্য এবং তার অন্তর্নিহিত নিট সম্পদমূল্যের মধ্যে উল্লেখযোগ্য ও অস্বাভাবিক পার্থক্য দেখা দিলে সেই পরিস্থিতিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।

নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানায়, মিউচুয়াল ফান্ডের ইউনিটের মূল্য নির্ধারণে ফান্ডের অন্তর্নিহিত সম্পদের মূল্য অর্থাৎ এনএভি একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। কোনো মিউচুয়াল ফান্ড নগদায়ন বা লিকুইডেশন করা হলে, একজন ইউনিটধারীর ওই ফান্ডের নিট সম্পদমূল্যের চেয়ে বেশি অর্থ পাওয়ার কোনো সুযোগ থাকে না।

এ কারণেই মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনার আগে সংশ্লিষ্ট ফান্ডের সর্বশেষ প্রকাশিত এনএভি পার ইউনিটসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে বিএসইসি।

একই সঙ্গে শুধুমাত্র কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিটের বাজারদর বেড়েছে—এই তথ্যের ভিত্তিতে বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। পাশাপাশি গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনায় প্রভাবিত হয়ে বিনিয়োগের সিদ্ধান্ত না নেওয়ার জন্যও বিনিয়োগকারীদের সতর্ক করেছে বিএসইসি।

বিএসইসি আরও বলেছে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ফান্ডের প্রকৃত সম্পদমূল্য, আর্থিক অবস্থা, ফান্ডের মেয়াদ, বিনিয়োগের ধরন বা পোর্টফোলিও এবং প্রকাশিত অন্যান্য তথ্য পর্যালোচনা করা প্রয়োজন। এসব বিষয় সম্পর্কে যথাযথভাবে জেনে ও বুঝে তারপর বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত।

 

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged