নিজস্ব প্রতিবেদক, ২৯ এপ্রিল : পুঁজিবাজারে আজ সপ্তাহের চতুর্থ কর্মদিবসে সূচকের উত্থান হলেও লেনদেন কমেছে। ডিভিডেন্ড ও প্রান্তিক প্রতিবেদন প্রকাশের মৌসুমে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন, ফলে বাড়তি সূচকের তুলনায় টাকার অংকে লেনদেন হয়েছে কম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ প্রধান সূচক ডিএসইএক্স ৮.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৭.৩৬ পয়েন্টে। ডিএসইএস সূচক ১.২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫.৪৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩.৮৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০.২৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭টির দাম বেড়েছে, ১৬৭টির দাম কমেছে এবং ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে।
আজ ডিএসইতে ৮৮৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের ১ হাজার ২৬ কোটি ৭৩ লাখ টাকার চেয়ে প্রায় ১৩৮ কোটি ৯৬ লাখ টাকা কম।
বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্যাংক, বীমা ও আর্থিক খাতের ডিভিডেন্ড মৌসুম চলছে। ইতিমধ্যে অনেক কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। গতকাল সাত-আটটি এবং আজও একাধিক কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। বেশিরভাগ কোম্পানিই সন্তোষজনক ডিভিডেন্ডসহ ইতিবাচক বার্ষিক আয় দেখাচ্ছে। অন্য খাতের কোম্পানিগুলোর প্রান্তিক প্রতিবেদনও ইতিবাচক। এ অবস্থায় বিনিয়োগকারীরা শেয়ার ধরে রাখায় লেনদেন কমেছে।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল যা ছিল ২৫ কোটি ১৭ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৯০টির দাম বেড়েছে, ৮৮টির কমেছে এবং ২৫টির অপরিবর্তিত রয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৩২.৬১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৬৩.৭৭ পয়েন্ট হয়েছে, অথচ গতকাল এটি বেড়েছিল ২৩.১০ পয়েন্ট।


