সূচক কমলেও বেড়েছে লেনদেন

দরপতনের চাপে সূচক কমলেও বেড়েছে লেনদেন

সময়: বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ ২:৪৯:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : মধ্য প্রাচ্যের চলমান সংকট ও যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজারে। আজ (৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে।

সপ্তাহজুড়ে সূচকের উত্থানের চেয়ে পতনই ছিল বেশি, তবে কোথাও ধস নামেনি বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীরা দোদুল্যমান অবস্থায় আছেন। যুদ্ধবিরতি নিয়ে কোনো স্থায়ী সিদ্ধান্ত না আসায় বাজারে অস্থিরতা বিরাজ করছে। গতকাল যুদ্ধবিরতির নতুন সিদ্ধান্ত এলেও সেটি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। সে কারণেই আজ লেনদেন শুরুতেই সূচক বাড়লেও শেষ পর্যন্ত সেই ধারা ধরে রাখা সম্ভব হয়নি।

তবে দিনশেষে টাকার অংকে লেনদেন বেড়েছে। বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা এখনো অটুট রয়েছে বলে মন্তব্য করেন বিশ্লেষকরা।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.২৬ পয়েন্ট কমে ৫ হাজার ২৩৪.১০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৮.১৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭.৪৭ পয়েন্ট কমে ২ হাজার ১.৬১ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টির প্রতিষ্ঠানের দর।

ডিএসইতে আজ মোট ৮৪৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৭৬৭ কোটি ৬৮ লাখ টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে প্রায় ৭৭ কোটি ২৪ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২০ কোটি ৭২ লাখ টাকা।

সিএসইতে লেনদেন করা ২০৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৫.১২ পয়েন্ট কমে ১৪ হাজার ৮০৪.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল এই সূচক কমেছিল ১৪ পয়েন্ট।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged