দুই দিনের মধ্যেই নির্ধারিত হবে জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ডের মালিকানা

সময়: বুধবার, জুন ১৭, ২০২৬ ৭:২৭:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পাওয়ার জন্য বিনিয়োগকারীদের হাতে রয়েছে আর মাত্র দুই কর্মদিবস। এই সময়ের মধ্যে শেয়ার ক্রয় বা ধারণ করলে বিনিয়োগকারীরা শেয়ারপ্রতি ১ টাকা হারে নগদ লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২২ জুন। রেকর্ড ডেট উপলক্ষে ওই দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর আগে ১৮ জুন ও ২১ জুন কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে।

ডিভিডেন্ড সুবিধা পেতে হলে বিনিয়োগকারীদের স্পট মার্কেটে লেনদেন চলাকালীন সময়ে জনতা ইন্স্যুরেন্সের শেয়ার ক্রয় করতে হবে অথবা বিদ্যমান শেয়ার ধরে রাখতে হবে। অন্যদিকে, এ সময়ের মধ্যে শেয়ার বিক্রি করলে কিংবা শেয়ার ক্রয় না করলে ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার সুযোগ থাকবে না।

জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ফলে প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ১ টাকা করে নগদ লভ্যাংশ পাবেন।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩০ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১ টাকা ২৬ পয়সা।

অন্যদিকে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জুলাই বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged