সূচক কমলেও বেড়েছে লেনদেন

দুই দিনে বাজার ফিরল ২৮০ পয়েন্ট, বেড়েছে লেনদেনও

সময়: মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬ ২:২৫:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনের পর গতকাল (৯ মার্চ) থেকে বড় উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। এর ধারাবাহিকতা আজও (১০ মার্চ) অব্যাহত থাকায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ঠিকই, কিন্তু টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে।

আজ লেনদেন শুরুর পর থেকেই সূচক ঊর্ধ্বমুখী ছিল, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এর ফলে সূচক থেকে হারানো পয়েন্ট ফিরে আসতে শুরু করেছে, যা বাজারের জন্য ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষকরা জানান, বাজারে কোনো পরিস্থিতিই স্থায়ী হয় না। ধারাবাহিক উত্থানের পর যেমন পতন আসে, তেমনি পতনের পর পুনরুদ্ধারও ঘটে। তিন দেশীয় যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চলতি মাসের শুরুতে বাজারে ধারাবাহিক পতন শুরু হয়েছিল। তবে গতকাল থেকে আবারও উত্থান শুরু হয়েছে, যা আজও অব্যাহত রয়েছে। ফলে দীর্ঘ পতনে সূচক থেকে হারানো পয়েন্ট ফিরে আসতে শুরু করেছে। গত দুই দিনের ব্যবধানে বাজার থেকে আগের হারানো প্রায় ২৮০ পয়েন্ট পুনরুদ্ধার হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪৮.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮৯.৬৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২৩.২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮.৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬২.৯৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৮.৮৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ৩৩৯টির, কমেছে মাত্র ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।

লেনদেনের অংকের দিক থেকেও ছিল উল্লেখযোগ্য দিন। ডিএসইতে এদিন মোট ৫৯০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪১৬ কোটি ৪ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৭৪ কোটি ২০ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় উত্থান দেখা গেছে। প্রতিষ্ঠানটিতে আজ ৪৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগেরদিন ছিল ৪৮ কোটি ৫৫ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৯টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৩৩.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮২১.৪১ পয়েন্টে। আগেরদিন সূচকটি ১৮১.৮৬ পয়েন্ট বেড়েছিল।

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged