নরসিংদী পাওয়ার প্ল্যান্ট বিক্রিতে চুক্তির পথে ডরিন পাওয়ার

সময়: বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১১:১৭:০৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড নরসিংদীতে অবস্থিত তাদের ২২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটি বিক্রির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই বিদ্যুৎকেন্দ্রটি কেপিআই ট্রেডিংয়ের কাছে হস্তান্তরের জন্য একটি বিক্রয় চুক্তি সম্পাদনের অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এই বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত বছরের ৯ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানিয়েছিল কোম্পানিটি।

কোম্পানি সূত্রে জানা গেছে, চুক্তিটি চূড়ান্ত হওয়ার ফলে বিদ্যুৎকেন্দ্রটির জেনারেটর, ট্রান্সফরমার, ইঞ্জিন হল, রেডিয়েটর ও ভেন্টিলেশন ইউনিট, ভবন এবং সঙ্গে থাকা সকল বৈদ্যুতিক কেবল, সুইচগিয়ার, প্যানেল, ব্যাটারি ও অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রেতার কাছে হস্তান্তর করা হবে।

সম্পদ বিক্রি করে কোম্পানিটি মোট ১০ কোটি ২০ লাখ টাকা পাবে। এর মাধ্যমে মূলত অলাভজনক বা অকার্যকর একটি স্থাপনা বিক্রি করে নিজেদের আর্থিক অবস্থা শক্তিশালী করতে চাইছে ডরিন পাওয়ার। বাজার বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপের মাধ্যমে কোম্পানিটি তাদের নগদ প্রবাহ বাড়ানো এবং আর্থিক কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চুক্তি চূড়ান্ত হওয়ার পর দ্রুত সম্পদ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged