সূচক কমলেও বেড়েছে লেনদেন

বাজার মনিটরিং দুর্বলতায় সূচকপতন, তদারকি বাড়ানোর পরামর্শ

সময়: বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬ ৩:০৬:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) ছিল সপ্তাহের শেষ লেনদেনের দিন। দিনটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের পতন হয়েছে, পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

বাজারবিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বাজার যেভাবে উর্ধ্বমুখী ছিল, তাতে ইতোমধ্যে সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করে ৭ হাজার পয়েন্টের কাছাকাছি পৌঁছানোর কথা ছিল। কিন্তু সূচক নির্দিষ্ট পর্যায়ে আটকে রয়েছে, যা আশানুরূপ নয়। যদিও বিনিয়োগকারীদের মধ্যে বাজারের প্রতি আস্থা এখনো বিদ্যমান। তবে বর্তমান বাজার পরিস্থিতি বিশ্লেষণ করলে মনে হচ্ছে, বাজার মনিটরিংয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন হচ্ছে না, যার সুযোগ নিচ্ছে একটি অসাধু চক্র। এই চক্রটি নিজেদের স্বার্থে বাজারকে দুর্বল করার চেষ্টা করছে এবং বর্তমান সরকারের ইতিবাচক অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে মরিয়া। বিশেষজ্ঞরা মত দিয়েছেন, সরকার ও নিয়ন্ত্রক সংস্থার উচিত বাজার মনিটরিং জোরদার করে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা। একই সঙ্গে পতনের প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাজারকে স্থিতিশীল রাখা জরুরি।

বাজার পরিসংখ্যানে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.১৬ পয়েন্ট কমে ৫ হাজার ৮৬০.৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.২৭ পয়েন্ট কমে ১ হাজার ১৮০.৭০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৯০ পয়েন্ট কমে ২ হাজার ১৯১.৮৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ২৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির প্রতিষ্ঠানের শেয়ারদর।

লেনদেনের পরিমাণের দিকে তাকালে দেখা যায়, ডিএসইতে আজ প্রায় ১ হাজার ১৪৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল যা ছিল প্রায় ১ হাজার ১১১ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ৩৬ কোটি ২৫ লাখ টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল এ পরিমাণ ছিল ১৮ কোটি ৫ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৪.৬২ পয়েন্ট কমে ১৫ হাজার ৭২৫.১৮ পয়েন্টে নেমে এসেছে। গতকাল সূচকটি ২৫.৮৭ পয়েন্ট বেড়েছিল।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged