নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শৈবাল সিনহা। কোম্পানি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পাশাপাশি পরিশোধিত মূলধনের ওপর ২৪৮ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাবে সম্মতি জানান। এই ২৪৮ শতাংশ লভ্যাংশের মধ্যে ১৪৩ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ইতোমধ্যে শেয়ারহোল্ডারদের দেওয়া হয়েছে এবং ২০২৫ সালের শেষ প্রান্তিকের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ এ সভায় অনুমোদিত হয়েছে।
সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন, পরিচালক ক্লিফোর্ড গ্যারি রয়টার, স্বতন্ত্র পরিচালক ফারজানাহ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক রিয়াজুল হক চৌধুরী, অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ এবং কোম্পানি সচিব রিয়াজুর রেজা মো. ফয়সাল উপস্থিত ছিলেন।
সভা শেষে চেয়ারম্যান শৈবাল সিনহা কোম্পানির মূল্যবান শেয়ারহোল্ডার, গ্রাহক, সরবরাহকারী, কর্মী ও সরকারের প্রতি তাঁদের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


