নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি-এর ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদের প্রস্তাবিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতি পেয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত কোম্পানিটির ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই প্রস্তাব অনুমোদন করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ তথ্য নিশ্চিত করেছে।
সভায় সভাপতিত্ব করেন ডিবিএইচ ফাইন্যান্সের চেয়ারম্যান সৈয়দ মঈন উদ্দিন আহমেদ। এতে অংশগ্রহণ করেন ভাইস চেয়ারম্যান ও পরিচালক অধ্যাপক ইমরান রহমান, নাজির রহিম চৌধুরী, খন্দকার মনোয়ারুল ইসলাম, অধ্যাপক নওশিন রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন, কোম্পানি সচিব জসিম উদ্দিন (এফসিএস) এবং সাধারণ শেয়ারহোল্ডাররা।
শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাবে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল বাতেন পরিচালন দক্ষতার নানা দিক তুলে ধরেন। তিনি জানান, খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ডিবিএইচ ফাইন্যান্স অসামান্য সাফল্য অর্জন করেছে। বর্তমানে কোম্পানিটির খেলাপি ঋণের অনুপাত মোট ঋণের মাত্র ০.৮৪ শতাংশ, যা দেশের আর্থিক খাতে সর্বনিম্ন। তিনি আরও বলেন, এই সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি টানা ২১ বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘ট্রিপল এ (এএএ)’ ধরে রাখতে পেরেছে।
সভায় চেয়ারম্যান সৈয়দ মঈন উদ্দিন আহমেদ পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করেন। তিনি বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও কোম্পানির আয়ের ধারাবাহিকতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং গ্রাহকসেবার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ কোম্পানির আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
চেয়ারম্যান আরও জানান, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ডিবিএইচ ফাইন্যান্স মোট ৬২ হাজার ৮৬৯টি পরিবারের আবাসনের স্বপ্নপূরণে সহায়তা করেছে, যা দেশের আবাসন অর্থায়ন খাতে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদানের প্রমাণ বহন করে।


