বিএসইসির নিয়োগে রাজনৈতিক প্রভাব নেই, সবাই পেশাদার: অর্থমন্ত্রী

সময়: রবিবার, জুলাই ১২, ২০২৬ ৬:৫২:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ ‘রাজনৈতিকভাবে হয়নি’ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই প্রসঙ্গে তিনি বলেছেন, কাউকে রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়নি। আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনি না। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ছিল, সবাই প্রফেশনাল।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সম্প্রতি বিএসইসি চেয়ারম্যান ও তিন কমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগ পাওয়ার পরই বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান পুঁজিবাজারে কারসাজি, অনিয়ম ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে অতীতের তুলনায় আরও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, নতুন কমিশন নিয়োগের ফলে শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি, যা বিগত পাঁচ বছরে ছিল না বলে দাবি তার।

তিনি বলেন, নতুনভাবে বিএসইসি গঠিত হয়েছে। একজন চেয়ারম্যান ও তিনজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। আরও একজন সদস্য নিয়োগের প্রক্রিয়া অব্যাহত আছে।

আমির খসরু বলেন, শেয়ারবাজার এখন ঊর্ধ্বগতিতে চলছে, বহু পয়েন্ট গেইন করেছে। যা বিগত পাঁচ বছরে ছিল না। শেয়ারবাজারে মানুষের আস্থা ফেরার কারণে এটি হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, শুধু দেশের নয়, বাইরের ফান্ড ম্যানেজারের আস্থাও ফিরেছে শেয়ারবাজারে। হংকং, লন্ডন ও নিউইয়র্ক থেকে বাংলাদেশে ফান্ড ম্যানেজারেরা আসতে শুরু করেছেন। আগামী দিনে বৈশ্বিকভাবে ট্রাস্টের মাধ্যমে কমিশন পরিচালিত হবে।

বিশ্লেষকরা বলছেন, বিএসইসি নিয়োগ নিয়ে অর্থমন্ত্রীর এই বক্তব্য সরকারের পুঁজিবাজার সংস্কারের প্রতি আন্তরিকতার ইঙ্গিত বহন করে। নতুন কমিশনের কঠোর অবস্থান ও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাজারকে আরও গতিশীল করবে বলে আশা করছেন তারা। তবে নিয়োগের স্বচ্ছতা ও পেশাদারত্ব বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged