সূচক কমলেও বেড়েছে লেনদেন

মিশ্র সূচকে সপ্তাহের লেনদেন শুরু, বেড়েছে টাকার অঙ্কে লেনদেন

সময়: রবিবার, আগস্ট ২, ২০২৬ ৫:০১:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেখা গেছে মিশ্র প্রবণতা। প্রধান সূচক ডিএসইএক্স সামান্য বাড়লেও অপর দুই সূচক কমেছে। তবে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

রোববার (০২ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯৫.৭৮ পয়েন্টে। অপরদিকে, ডিএসইএস সূচক ২.৬২ পয়েন্ট কমে ১ হাজার ১৯২.৬১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩.৮৮ পয়েন্ট হারিয়ে ২ হাজার ২১৩.৩৩ পয়েন্টে অবস্থান করছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৩টির দর বেড়েছে, ১৪৯টির দর কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।

আজ ডিএসইতে প্রায় ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ২১৪ কোটি ১৯ লাখ টাকা বেশি। গতবার ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৪৩ কোটি ৪৩ লাখ টাকার।

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, যদিও বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল আরও বেশি উত্থান হবে এবং লেনদেনের শুরুও তেমনই হয়েছিল। কিন্তু দিন যত গড়িয়েছে, সূচকের গতি কমে নিচের দিকে ঝুঁকে পড়েছে। তবে এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়নি, কারণ স্থিতিশীল বাজারে এমন ঘটনা অস্বাভাবিক নয়।

তারা মত দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ধৈর্য ধারণ করে সতর্কতার সঙ্গে লেনদেন করতে হবে। বাজারে ধস নেমেছে—এমন কোনো পরিস্থিতি নেই। বরং বর্তমান সময়টাকে বিনিয়োগের জন্য উত্তম সময় বলে মনে করছেন তারা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে আগেরদিন লেনদেন হয়েছিল ৪৬ কোটি ১৫ লাখ টাকার।

সিএসইতে ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৩.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯৪.১২ পয়েন্টে। আগেরদিন সূচকটি ৪৭.৩১ পয়েন্ট বেড়েছিল।

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged