নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইলস লিমিটেড ইস্টার্ন ব্যাংক পিএলসির কাছে থাকা দায় সমন্বয়ের লক্ষ্যে নতুন একটি ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে আলোচনা করে একটি প্রস্তাব অনুমোদন করেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি সম্পর্কিত পক্ষ লার্ক টেক্সটাইলস লিমিটেড থেকে ৯ কোটি ৫০ লাখ টাকা ঋণ গ্রহণের পরিকল্পনা করেছে। এ ঋণের সুদের হার শূন্য শতাংশ এবং এর মেয়াদ হবে ১০ বছর। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সমান ১০টি বার্ষিক কিস্তিতে ঋণ পরিশোধ করা হবে।
এই ঋণের প্রধান উদ্দেশ্য হচ্ছে ইস্টার্ন ব্যাংক পিএলসির বিদ্যমান ঋণ পরিশোধ করা। তবে এ প্রস্তাব বাস্তবায়নের জন্য কোম্পানির শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন, যা একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) অথবা বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এর মাধ্যমে নেওয়া হবে।
কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ব্যবস্থার ফলে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পাওয়া যেতে পারে। এর মধ্যে রয়েছে মোট ঋণের প্রায় ১০ শতাংশ সমপরিমাণ ০.৩৩ মিলিয়ন মার্কিন ডলার মওকুফের সুবিধা। পাশাপাশি, ০.৭৮ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ ডাউন পেমেন্ট হিসেবে ব্যবহার করে ইস্টার্ন ব্যাংকের শ্রেণীকৃত ঋণ পুনঃতফসিল করা হয়েছে।
এছাড়া, সুদমুক্ত ঋণ প্রাপ্তি বর্তমান উচ্চ ব্যাংক সুদের তুলনায় কোম্পানির সুদ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমাবে, যা ভবিষ্যতে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।


