অরেঞ্জ বন্ডে ডিএসই–IIX সমঝোতা, টেকসই অর্থায়নে নতুন উদ্যোগ

সময়: রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৯:৪২:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রোববার (১৫ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি এবং Impact Investment Exchange (IIX) অরেঞ্জ ক্যাপিটাল ইনস্ট্রুমেন্ট চালু ও সম্প্রসারণে সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। ডিএসই’র পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং IIX-এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা দুররীন শাহনাজ চুক্তিতে সই করেন।

ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই অংশীদারিত্ব বাংলাদেশের পুঁজিবাজারে অন্তর্ভুক্তিমূলক, লিঙ্গসমতা ও জলবায়ু-সংবেদনশীল টেকসই অর্থায়ন কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।

সমঝোতা অনুযায়ী, প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে ডিএসই একটি স্বতন্ত্র থিম্যাটিক বা টেকসই অর্থায়ন ক্যাটাগরির আওতায় অরেঞ্জ বন্ড তালিকাভুক্তির সম্ভাবনা যাচাই করবে। পাশাপাশি বাজার সম্প্রসারণ, বিনিয়োগকারীদের সম্পৃক্ততা বৃদ্ধি, সচেতনতামূলক কর্মশালা আয়োজন এবং নীতিগত সংলাপের মতো যৌথ উদ্যোগও গ্রহণ করা হবে।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে শেয়ারবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। IIX-এর সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে টেকসই অর্থায়ন খাতে অরেঞ্জ বন্ড তালিকাভুক্তির সুযোগ মূল্যায়ন ও এগিয়ে নেওয়ার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে IIX-এর প্রধান নির্বাহী কর্মকর্তা দুররীন শাহনাজ বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে আর্থিক বাজারকে সামঞ্জস্যপূর্ণ করার ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময়ে অবস্থান করছে। এই অংশীদারিত্ব লিঙ্গসমতা, জলবায়ু কার্যক্রম এবং আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা ও আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই ও IIX-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড-এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

 

Share
নিউজটি ৫ বার পড়া হয়েছে ।
Tagged