ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগভিত্তিক অর্থনীতির পথে সরকার

সময়: বুধবার, এপ্রিল ১, ২০২৬ ১০:৪৮:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপ এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আগামী অর্থবছরের বাজেট প্রণয়নকে চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (০১ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি আগে থেকেই চাপের মধ্যে রয়েছে। এর সঙ্গে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের বাধ্যবাধকতা যুক্ত হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নতুন করে চাপ সৃষ্টি করেছে, যা বাজেট প্রণয়নকে আরও জটিল করে তুলছে।

তিনি জানান, সরকার এমন একটি বাজেট প্রণয়ন করতে চায় যেখানে রাজস্ব আদায় বাড়ানো সম্ভব হবে, তবে বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়বে না। আসন্ন বাজেট সামনে রেখে দিকনির্দেশনা দিতে তিনি প্রথমবারের মতো এনবিআরে যান বলেও উল্লেখ করেন।

অর্থমন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি—এই লক্ষ্য সামনে রেখে বাজেট প্রস্তুত করা হবে। উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে ইশতেহার অনুযায়ী প্রয়োজনীয় অর্থের জোগান নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

তবে তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি জ্বালানি আমদানিতে দ্বিগুণ খরচ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকার অর্থনীতি পরিচালনায় টাকা ছাপানোর পথে যেতে চায় না। বরং ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে অগ্রসর হতে চায়। তার মতে, এ ধরনের বাজেট নীতি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

Share
নিউজটি ৫ বার পড়া হয়েছে ।
Tagged