ট্রাস্টি জটিলতায় থমকে গেল প্যারামাউন্ট টেক্সটাইলের ৩৩০ কোটি টাকার বন্ড ইস্যু

সময়: মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ১১:৫০:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি’র ৩৩০ কোটি টাকার বন্ড ইস্যুর পরিকল্পনা আপাতত স্থগিত হয়ে গেছে। প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদনটি বিবেচনা থেকে সরিয়ে রেখেছে। এতে করে বড় অঙ্কের অর্থ সংগ্রহের উদ্যোগটি অনিশ্চয়তার মুখে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বন্ড ইস্যুর আবেদনের পর দীর্ঘ সময় পার হলেও কোম্পানিটি এখনো ট্রাস্টি নিয়োগ সম্পন্ন করতে পারেনি। পাশাপাশি, জমা দেওয়া নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনটির বৈধতাও ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এই দুটি বিষয় অনুমোদন প্রক্রিয়ায় প্রধান বাধা হিসেবে দেখা দিয়েছে।

সম্প্রতি বিএসইসির ক্যাপিটাল রিস্ট্রাকচারিং বিভাগ থেকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে জানানো হয়, বিদ্যমান অবস্থায় আবেদনটি অনুমোদনের সুযোগ নেই।

উল্লেখ্য, প্যারামাউন্ট টেক্সটাইল ২০২৫ সালের ২৯ জুন ‘নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, আনসিকিউরড ফিক্সড রেট তৃতীয় জিরো-কুপন বন্ড’ ইস্যুর মাধ্যমে ৩ হাজার ৩০০ মিলিয়ন টাকা (৩৩০ কোটি টাকা) সংগ্রহের লক্ষ্যে আবেদন করেছিল। তবে প্রায় এক বছরেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় প্রক্রিয়াটি এগোয়নি।

বিএসইসি জানিয়েছে, ট্রাস্টি নিয়োগ এবং হালনাগাদ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ সকল শর্ত পূরণ করে পুনরায় আবেদন করা হলে বিষয়টি আবারও বিবেচনা করা হতে পারে।

এ পরিস্থিতিতে কোম্পানিটির মূলধন সংগ্রহের বড় পরিকল্পনা আপাতত স্থবির হয়ে পড়েছে। নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হলে সময় লাগবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষকদের মতে, বড় অঙ্কের তহবিল সংগ্রহের ক্ষেত্রে এ ধরনের বিলম্ব এবং প্রস্তুতির ঘাটতি বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বন্ডের অর্থ দিয়ে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা অনিশ্চিত হয়ে পড়েছে।

প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি বিএসইসির ৯০১তম কমিশন সভায় কোম্পানিটির ২৫০ কোটি টাকার একটি আনসিকিউরড, নন-কনভার্টিবল ও ফুললি রিডিমেবল জিরো-কুপন বন্ড অনুমোদন দেওয়া হয়েছিল। ওই বন্ডের ট্রাস্টি হিসেবে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে এনডিবি ক্যাপিটাল লিমিটেড দায়িত্ব পালন করে।

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged