নিজস্ব প্রতিবেদক: টানা উত্থানের মধ্য দিয়ে আজ (১৪ মে) সপ্তাহের শেষ কার্যদিবস শেষ হয়েছে শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ সূচক বাড়ার পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বেড়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পবিত্র ঈদের আগে বাজারের এই ধারাবাহিক উত্থান অত্যন্ত ইতিবাচক। এটি বিনিয়োগকারীদের মধ্যে বাজারের প্রতি আস্থা আরও জোরদার করতে সহায়ক ভূমিকা রাখছে। গত দুই দিন ধরে নিয়ন্ত্রক সংস্থার নেওয়া কিছু ইতিবাচক সিদ্ধান্ত বাজারকে আরও স্থিতিশীল করতে ভূমিকা রেখেছে। আশা করা যায়, এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৫.২২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬.১২ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসই-৩০ সূচক ৯.০৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৮১.৬৬ পয়েন্টে লেনদেন শেষ হয়েছে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৯টির দর বেড়েছে, ১৪৪টির দর কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৯৯৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ৮৫৬ কোটি ৯ লাখ টাকার লেনদেন ছিল। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৪১ কোটি ২১ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৬৩ লাখ টাকার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ৪৪.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৭.১৪ পয়েন্টে। আগের দিন সূচকটি ১৩.০৫ পয়েন্ট কমেছিল।


