শেয়ারবাজার কারসাজি মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে নথি সংগ্রহ

সময়: সোমবার, মে ১৮, ২০২৬ ৬:৪৪:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বহুল আলোচিত প্রায় আড়াইশ কোটি টাকার শেয়ার কারসাজির ঘটনায় তদন্তের অংশ হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ আসামির বিভিন্ন নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কয়েকটি সাক্ষাৎকারে শেয়ারবাজারে দুর্নীতির তদন্তের দাবি তুলেছিলেন সাকিব আল হাসান। এর মধ্যেই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছে দুদক।

গত বছরের জুনে দায়ের করা মামলায় অভিযোগ আনা হয়, সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব ও তার সহযোগীরা প্রায় ২৫৬ কোটি টাকা আত্মসাৎ করেছেন। মামলায় সাকিবের বিরুদ্ধে সরাসরি ২ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, আলোচিত শেয়ার কারসাজিকারী আবুল খায়ের হিরুর মাধ্যমে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সোনালী পেপারস লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করেছিলেন জাতীয় দলের এই অলরাউন্ডার।

অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে তিনি শেয়ারবাজারে মার্কেট ম্যানিপুলেশনে সক্রিয়ভাবে যুক্ত হয়ে সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত ও প্রলুব্ধ করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখছে দুদক এবং এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হচ্ছে।

অন্যদিকে এক সাক্ষাৎকারে সাকিব বলেন, “শেয়ারবাজারে কারসাজি হয়েছে বলা হয়, কিন্তু কেউ বিস্তারিতভাবে কিছু প্রমাণ করতে পারেনি।” তিনি দাবি করেন, “দেড় বছর ধরে তদন্ত চলছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। আমার বিশ্বাস, কিছু পাওয়ার সুযোগও নেই।”

চেক ডিজঅনার মামলার বিষয়ে সাকিবের বক্তব্য, এটি একটি স্বাভাবিক ব্যাংকিং প্রক্রিয়া এবং অর্থ পরিশোধের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করা সম্ভব।

ব্যাংক হিসাব জব্দের বিষয়ে তিনি বলেন, “তদন্তের প্রয়োজনে হয়তো অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। কিন্তু এতদিন পরও কিছু না পাওয়া গেলে তদন্ত শেষ করে ক্লিয়ারেন্স দেওয়া উচিত।”

সাকিব আরও বলেন, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আর অভিযোগ প্রমাণিত না হলে তাকে স্বাভাবিকভাবে আর্থিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া উচিত।

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged