নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গৃহীত সংস্কারমূলক পদক্ষেপের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এবং এর চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন (ক্যাপমিনাফ)। একই সঙ্গে ডিএসইর কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে ভবিষ্যতেও প্রয়োজনীয় সংস্কার অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
ক্যাপমিনাফের পক্ষ থেকে জানানো হয়, তারা দীর্ঘদিন ধরে শেয়ারবাজারের উন্নয়নের স্বার্থে ডিএসইকে ঢেলে সাজানো এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিল। সংগঠনটির দাবি, সেই যৌক্তিক দাবির অংশ হিসেবে গত ২৫ জুন ২০২৬ ডিএসইর কয়েকটি গুরুত্বপূর্ণ পদ থেকে প্রয়োজন না থাকায় জনবল ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনটির মতে, ওই সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে। তাদের দাবি, ডিএসইর ওই পদক্ষেপের পরবর্তী কার্যদিবসেই পুঁজিবাজারের সূচকে ইতিবাচক উত্থান লক্ষ্য করা গেছে, যা সংস্কার কার্যক্রমের সুফলের একটি প্রাথমিক প্রতিফলন।
বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দেশের পুঁজিবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক (Regulatory) প্রতিষ্ঠান। তাই এর কার্যক্রমের ওপর পুঁজিবাজারসংশ্লিষ্ট সব পক্ষই সবসময় গভীরভাবে নজর রাখেন এবং ইতিবাচক উদ্যোগের প্রত্যাশা করেন।
ক্যাপমিনাফের ভাষ্য অনুযায়ী, দেশের সামগ্রিক অর্থনীতিতে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সূচক বা আয়নাস্বরূপ। সংগঠনটি উল্লেখ করেছে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষিত বেকার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষিত গৃহিণীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই বাজারের সঙ্গে সম্পৃক্ত।
এসব বিষয় বিবেচনায় নিয়ে সময়োপযোগী সংস্কারের অংশ হিসেবে সঠিক পদক্ষেপ গ্রহণ করায় ডিএসই ও এর চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছে পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন (ক্যাপমিনাফ)। পাশাপাশি, দেশের পুঁজিবাজারকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল করতে ভবিষ্যতে আরও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।


