সূচক কমলেও বেড়েছে লেনদেন

রেকর্ড লভ্যাংশেও শেয়ারবাজারে মন্দা: বাজার খতিয়ে দেখার দাবি

সময়: মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬ ৪:১৮:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে দরপতন এখন যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। দেশের শেয়ারবাজারে বর্তমানে চলছে লভ্যাংশ মৌসুম। গতকাল বেশ কয়েকটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে, যার মধ্যে চারটি কোম্পানি তালিকাভুক্তির পর সর্বোচ্চ রেকর্ড পরিমাণ লভ্যাংশ ঘোষণা করেছে। তা সত্ত্বেও ওই শেয়ারগুলোতে উল্লেখযোগ্য প্রভাব পড়েনি, যা বাজার সংশ্লিষ্টদের কাছে হতাশাজনক বলে মনে হচ্ছে।

তাদের মতে, যেকোনো ভালো কোম্পানি উল্লেখযোগ্য হারে লভ্যাংশ ঘোষণা করলে সংশ্লিষ্ট শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তুলনামূলকভাবে বেশি থাকে। কিন্তু গতকাল রেকর্ড পরিমাণ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলোর শেয়ারদরে তেমন কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। বাজারে বিনিয়োগকারীদের আস্থা সংকট বেড়েছে—এটাই তার প্রমাণ।

প্রকৃতপক্ষে নিয়ন্ত্রক সংস্থায় দায়িত্বপ্রাপ্তদের অযোগ্যতাই বর্তমান বাজার পরিস্থিতি প্রমাণ করে। তাছাড়া বাজার নিয়ে তাদের মধ্যেও তেমন কোনো তৎপরতা নেই। তারা হয়তো বাজার স্থিতিশীল হোক—এমনটাই চাইছেন না। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে কমিশনের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এদিকে আজ (২৭ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৬.৫৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬.৭৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৭.৯১ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১০৮টির দর বেড়েছে, ২২৬টির দর কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৪০৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৪১০ কোটি ৫৭ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৭ কোটি ৭ লাখ টাকা।

এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ১৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫২টির, কমেছে ৯২টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৯.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৮৯.৬১ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ২২.৭৭ পয়েন্ট কমেছিল।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged