নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে হলে নজরদারি বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। একটি স্বার্থান্বেষী চক্র নিজেদের লাভের জন্য ইচ্ছেমতো সূচক ও লেনদেনের ওঠানামা ঘটাচ্ছে। তাদের কারণেই বাজারে স্থিতিশীলতা ফিরছে না। এই চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে বাজারের অবস্থা আরও অবনতির দিকে যাবে। তাই ডিএসই, সিএসই এবং নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি সিডিবিএল, আইসিবিসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানকেও ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। শুধু প্রণোদনা দিলে বাজার ভালো হবে না বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, অতীতে বাজার স্থিতিশীল রাখতে আইসিবিকে হাজার হাজার কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে; কিন্তু তার ইতিবাচক প্রভাব বাজারে পড়েনি, বিনিয়োগকারীরাও কোনো লাভ পাননি। বরং বাজারের অবস্থা ভালো হওয়ার বদলে আরও তলানিতে গিয়ে ঠেকেছে। শেয়ারবাজার স্থিতিশীল করতে বর্তমান সরকারের আন্তরিকতার অভাব নেই। শুধু বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও বাজার স্থিতিশীল করার লক্ষ্যেই কমিশন পরিবর্তন করা হয়েছে। তবে বর্তমান কমিশন তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারেনি। দায়িত্ব নেওয়ার পর সূচক ও লেনদেন রেকর্ড পরিমাণে বেড়েছিল, কিন্তু সেই ধারা অব্যাহত থাকেনি; বরং ধারাবাহিক দরপতনে বাজার তলানিতে নেমে এসেছে। বর্তমান কমিশন বাজার উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ ও সংস্কারের কথা বললেও দরপতন ঠেকাতে কোনো উদ্যোগ দেখা যায়নি। এ কারণে সূচক ও লেনদেন কিছুটা বাড়লেও বিনিয়োগকারীরা ভরসা রাখতে পারছেন না।
এদিকে, আজ (১১ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদরও বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪৫.০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৭১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫.৪০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৯৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৯.৩৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৮১টির দর বেড়েছে, ১৫১টির দর কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৭৫৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬৫৮ কোটি ৫০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৯৯ কোটি ১৬ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮০টি প্রতিষ্ঠানের মধ্যে ৯০টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯.৮৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫২৬.৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচক সিএএসপিআই ৫১.৯৩ পয়েন্ট বেড়েছিল।


