নিজস্ব প্রতিবেদক : টানা তিন দিন উত্থানের পর আজ (১৭ মে) স্বাভাবিক দর সংশোধনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে।
বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগের সপ্তাহের শেষ তিন কার্যদিবসের পর আজ সামান্য সূচক পতন হয়েছে, যা স্বাভাবিক দর সংশোধন হিসেবেই দেখা হচ্ছে। ঈদের আগে এই সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হবে। অনেক বিনিয়োগকারী প্রয়োজনীয় টাকা তুলতে শেয়ার বিক্রি করবেন। ফলে সূচক ও লেনদেন কিছুটা কমে যাওয়াটাই স্বাভাবিক। তবে দীর্ঘমেয়াদে বিবেচনায় যারা এখন ভালো শেয়ার কিনে রাখবেন, ঈদের পর তাদের মুনাফার সম্ভাবনা বেশি। বর্তমান সরকারের সময় বাজার স্থিতিশীল থাকায় ভালো শেয়ারে বিনিয়োগ করলে লোকসানের আশঙ্কা কম বলেই মত তাদের।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.০৩ পয়েন্ট কমে ৫ হাজার ২২৬.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসইএস সূচক ৩.৫৭ পয়েন্ট কমে ১ হাজার ৬২.৫৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১১.১১ পয়েন্ট কমে ১ হাজার ৯৭০.৫৫ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ারদর।
এদিন ডিএসইতে ৮৬৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২৯ কোটি ২৭ লাখ টাকা কম। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৯৯৭ কোটি ৩০ লাখ টাকা।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩২ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এ পরিমাণ ছিল ১৮ কোটি ৪৮ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯.৯৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৭৫.৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। উল্লেখ্য, আগের কার্যদিবসে সূচকটি ৪৪.৭১ পয়েন্ট বেড়েছিল।


