নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসির চলতি ২০২৬-২৭ হিসাববছরের প্রথম প্রান্তিকে উল্লেখযোগ্য আর্থিক প্রবৃদ্ধি হয়েছে । আগের সময়ের তুলনায় আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস), শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটি সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৮ টাকা ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে যার প ছিল ৬ টাকা ৪৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯৮ পয়সায়। আগের বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এ সূচক ছিল ১২ টাকা ৬২ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে পরিচালন নগদ প্রবাহেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
অন্যদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৩৯ টাকা ৩১ পয়সায়। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এই সম্পদমূল্য ছিল ৩২৯ টাকা ১৯ পয়সা।
কোম্পানিটি প্রথম প্রান্তিকে আর্থিক সূচকগুলোর এই উন্নতির কারণ হিসেবে জানিয়েছে, আগের বছরের একই প্রান্তিকের তুলনায় চলতি প্রান্তিকে গ্রুপের নিট মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মূলত রাজস্ব বৃদ্ধি এবং নিট অর্থায়ন ব্যয় কমে আসার কারণে মুনাফায় এই প্রবৃদ্ধি হয়েছে।
কোম্পানিটি মনে করছে, মূলধন কাঠামো পুনর্গঠনের বিভিন্ন উদ্যোগ এবং বৈদেশিক মুদ্রা বিনিময় হার ও সুদের হারের ঝুঁকি বিচক্ষণতার সঙ্গে ব্যবস্থাপনার ফলে নিট অর্থায়ন ব্যয় কমেছে। এসব উদ্যোগের ইতিবাচক প্রভাব পড়েছে কোম্পানিটির মুনাফায়।
এদিকে, বছরওয়ারি কোম্পানিটির সাধারণ শেয়ারের সংখ্যা অপরিবর্তিত ছিল। ফলে নিট মুনাফা বৃদ্ধির সরাসরি প্রতিফলন ঘটেছে শেয়ারপ্রতি আয়ে। অর্থাৎ শেয়ারের সংখ্যা না বাড়ায় মুনাফার প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ইপিএসও বেড়েছে।
পরিচালন নগদ প্রবাহ বৃদ্ধির বিষয়ে কোম্পানিটি জানিয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর প্রধান কারণ ছিল পরিচালন মুনাফা বৃদ্ধি। পাশাপাশি কার্যকরী মূলধনের অনুকূল পরিবর্তনও নগদ প্রবাহ বাড়াতে সহায়তা করেছে।
কার্যকরী মূলধনের এই ইতিবাচক অবদান মূলত মজুত পণ্যে আটকে থাকা নগদ অর্থের পরিমাণ কমে আসা এবং বাণিজ্যিক ও অন্যান্য প্রদেয় হিসাবের অনুকূল পরিবর্তনের কারণে হয়েছে। তবে বাণিজ্যিক ও অন্যান্য প্রাপ্য হিসাবের পেছনে নগদ অর্থের ব্যবহার বেড়ে যাওয়ায় এই ইতিবাচক প্রভাবের কিছুটা অংশ সমন্বিত হয়েছে।
সামগ্রিকভাবে রাজস্ব ও নিট মুনাফা বৃদ্ধি, অর্থায়ন ব্যয় হ্রাস এবং কার্যকরী মূলধন ব্যবস্থাপনায় উন্নতির কারণে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে রেনাটা পিএলসির আর্থিক সূচকগুলোতে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে।


