বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই, নজরে দুই কোম্পানির শেয়ার

সময়: মঙ্গলবার, জুন ২, ২০২৬ ৭:৫৫:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারদর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানি দুটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও সচেতনতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বাজারটির নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সতর্কবার্তা পাওয়া কোম্পানি দুটি হলো— নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড এবং আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।

জানা গেছে, নাহি অ্যালুমিনিয়ামের শেয়ারদরের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণ জানতে গত ২৪ মে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চায় ডিএসই। জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (Price Sensitive Information-PSI) নেই।

অন্যদিকে, আনলিমা ইয়ার্নের শেয়ারদরের অস্বাভাবিক বৃদ্ধি নিয়েও ১ জুন কোম্পানিটির কাছে ব্যাখ্যা তলব করে ডিএসই। কোম্পানিটি একই ধরনের জবাবে জানায়, শেয়ারদর বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য তাদের জানা নেই।

বাজার তথ্য অনুযায়ী, নাহি অ্যালুমিনিয়ামের শেয়ারদর গত ১৮ মে ছিল ২৫ টাকা ৯০ পয়সা। পরবর্তী পাঁচ কার্যদিবসের ব্যবধানে ২৪ মে লেনদেন শেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়ায় ৩৪ টাকা ৩০ পয়সায়। সে হিসাবে এ সময়ে শেয়ারটির মূল্য বৃদ্ধি পেয়েছে ৮ টাকা ৪০ পয়সা বা প্রায় ৩২ দশমিক ৪৩ শতাংশ।

একইভাবে আনলিমা ইয়ার্নের শেয়ারদর ১৭ মে ছিল ২১ টাকা ১০ পয়সা। সাত কার্যদিবস পর ১ জুন লেনদেন শেষে শেয়ারটির দর দাঁড়ায় ২৫ টাকা ৭০ পয়সায়। ফলে এ সময়ে শেয়ারটির মূল্য বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা প্রায় ২১ দশমিক ৮০ শতাংশ।

শেয়ারদরের এ অস্বাভাবিক উত্থানের বিষয়ে কোম্পানি দুটির পক্ষ থেকে কোনো মূল্য সংবেদনশীল তথ্যের অস্তিত্ব অস্বীকার করায় বিষয়টি বিনিয়োগকারীদের নজরে আনতে সতর্কবার্তা প্রকাশ করেছে ডিএসই।

Share
নিউজটি ৭০ বার পড়া হয়েছে ।
Tagged