ব্যয়চাপে বাড়ল লোকসান, ক্যাশ ফ্লোতেও চাপ গ্লোবাল হেভিকেমিক্যালে

সময়: রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬ ৮:৪৫:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর) গ্লোবাল হেভিকেমিক্যালস লিমিটেড (GHCL)-এর লোকসানের পরিমাণ বেড়েছে। কোম্পানিটির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) নেমে এসেছে মাইনাস ০ দশমিক ৯০ টাকায়, যেখানে আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল মাইনাস ০ দশমিক ০১ টাকা।

একই সঙ্গে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে মাইনাস ১ দশমিক ৪২ টাকা। এর আগের বছরের একই সময়ে (জুলাই–ডিসেম্বর ২০২৪) এই সূচক ছিল মাইনাস ১ দশমিক ১১ টাকা। ফলে বছর ব্যবধানে লোকসানের প্রবণতা আরও তীব্র হয়েছে।

অপারেটিং ক্যাশ ফ্লোর দিক থেকেও দুর্বলতা দেখা গেছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ০ দশমিক ৬৬ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে এই সূচক ছিল ধনাত্মক ০ দশমিক ১০ টাকা।

এদিকে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭০ দশমিক ৪৭ টাকা। এর আগে ২০২৫ সালের ৩০ জুন শেষে এনএভি ছিল ৭১ দশমিক ৮৯ টাকা, অর্থাৎ ছয় মাসের ব্যবধানে শেয়ারপ্রতি নিট সম্পদের মূল্য হ্রাস পেয়েছে।

ইপিএস কমার পেছনের কারণ

কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী, আলোচ্য সময়ে ইপিএস কমার মূল কারণ ছিল মুনাফার মার্জিনের ওপর বাড়তি চাপ। কাঁচামালের দাম বৃদ্ধি, ইউটিলিটি ব্যয় ও উৎপাদন সংশ্লিষ্ট অতিরিক্ত খরচ এবং স্বল্পমেয়াদি কার্যকরী মূলধন ঋণের ব্যবহার বাড়ায় আর্থিক ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। যদিও এ সময়ে রাজস্ব তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল, তবে উচ্চ পরিচালন ও আর্থিক ব্যয়ের কারণে শেয়ারহোল্ডারদের জন্য নিট মুনাফা কমে যায়।

ক্যাশ ফ্লোতে নেতিবাচক প্রভাব

শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো কমে যাওয়ার পেছনে কার্যকরী মূলধনের বিরূপ গতিবিধিকে দায়ী করেছে কোম্পানি। বিশেষ করে দীর্ঘমেয়াদি ঋণসুবিধা দেওয়ার ফলে বাণিজ্যিক পাওনার পরিমাণ বেড়েছে এবং উৎপাদন নির্বিঘ্ন রাখতে মজুত পণ্যের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। ফলে হিসাব অনুযায়ী আয় থাকলেও প্রকৃত নগদ প্রবাহ প্রত্যাশিত মাত্রায় হয়নি।

এনএভি হ্রাসের কারণ

কোম্পানির তথ্যমতে, কম লাভজনকতার কারণে রিটেইনড আর্নিংসের প্রবৃদ্ধি সীমিত হয়েছে। পাশাপাশি কার্যকরী মূলধনের চাহিদা মেটাতে স্বল্পমেয়াদি দায় বৃদ্ধি পেয়েছে। নিয়মিতভাবে সম্পত্তি, প্ল্যান্ট ও যন্ত্রপাতির ওপর অবচয় হিসাব করায় সম্পদের মূল্য সামান্য কমেছে, যা সামগ্রিকভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যে প্রভাব ফেলেছে।

 

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged