নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, লোকসান থেকে মুনাফায় ফিরেছে চারটি প্রতিষ্ঠান। অক্টোবর-ডিসেম্বর ২০২৫ সময়ের অনিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে আরও ৫টির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে, ১৬টির কমেছে এবং ৮টি ধারাবাহিক লোকসানে রয়েছে। এছাড়া, আগের বছর মুনাফায় থাকলেও চলতি প্রান্তিকে লোকসানে পড়েছে ছয়টি কোম্পানি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, লোকসান কাটিয়ে মুনাফায় ফেরা চার কোম্পানি হলো—অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডেল্টা স্পিনার্স লিমিটেড, দেশ গার্মেন্টস লিমিটেড এবং ইভিন্স টেক্সটাইল লিমিটেড।
অলটেক্স ইন্ডাস্ট্রিজ
২০২৫ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৬ পয়সা।
ডেল্টা স্পিনার্স
দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ ছিল ৫ পয়সা।
জুলাই-ডিসেম্বর ২০২৫ সময়ে (দুই প্রান্তিক) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ের শেয়ারপ্রতি ১২ পয়সা লোকসানের বিপরীতে ইতিবাচক অবস্থানে ফিরেছে।
দেশ গার্মেন্টস
অক্টোবর-ডিসেম্বর ২০২৫ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ ছিল ২ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ২৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৯ পয়সা।
ইভিন্স টেক্সটাইল
দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ২৩ পয়সা।
জুলাই-ডিসেম্বর ২০২৫ সময়ে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১৯ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২২ পয়সা, অর্থাৎ দ্বি-প্রান্তিক মুনাফা আগের তুলনায় কিছুটা কমলেও প্রান্তিকভিত্তিতে কোম্পানিটি ঘুরে দাঁড়িয়েছে।


