পরিচালন মুনাফা বাড়ায় সিটি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

সময়: রবিবার, এপ্রিল ১২, ২০২৬ ৫:৫১:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড (CITYBANK) ২০২৫ অর্থবছরের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঘোষিত তথ্য অনুযায়ী, আগামী ৭ জুন ২০২৬ বিকেল ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ পাওয়ার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ মে ২০২৬।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৮.৭১ টাকা, যা আগের বছর ছিল ৬.৬৭ টাকা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) বেড়ে হয়েছে ৪০.৬৭ টাকা, যা ২০২৪ সালে ছিল ৩০.৬৫ টাকা। তবে শেয়ারপ্রতি নগদ কার্যক্রম থেকে আয় (NOCFPS) কমে দাঁড়িয়েছে ৪৭.০০ টাকা, যা আগের বছর ছিল ৫৮.৮৪ টাকা।

কোম্পানির তথ্যমতে, ২০২৫ সালে পরিচালন মুনাফা ১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২,৩৫১ কোটি টাকা থেকে ২,৭২৭ কোটি টাকায় উন্নীত হয়েছে। এর ফলে নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১,৩২৪ কোটি টাকা, যা আগের বছরের ১,০১৪ কোটি টাকার তুলনায় বেশি। এই মুনাফা বৃদ্ধির প্রভাবেই ইপিএসে উন্নতি হয়েছে।

স্টক ডিভিডেন্ড ঘোষণার বিষয়ে কোম্পানি জানিয়েছে, ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণে সহায়তা এবং মূলধন ভিত্তি শক্তিশালী করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এই বোনাস শেয়ার কেবল সঞ্চিত মুনাফা থেকে দেওয়া হচ্ছে। এটি কোনোভাবেই মূলধন রিজার্ভ, পুনর্মূল্যায়ন রিজার্ভ, অবাস্তবায়িত মুনাফা বা কোম্পানি গঠনের আগের লাভ থেকে দেওয়া হচ্ছে না এবং এতে পরিশোধিত মূলধন হ্রাসের মাধ্যমে নেতিবাচক রিটেইনড আর্নিংস তৈরি হবে না।

 

Share
নিউজটি ১১ বার পড়া হয়েছে ।
Tagged