টেকসই পুঁজিবাজার গড়তে ডিএসই ও সুইসকন্ট্যাক্টের সমঝোতা

সময়: রবিবার, মে ১৭, ২০২৬ ৬:০৬:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারকে আরও টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ রোববার (১৭ মে ২০২৬) এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, পারস্পরিক সহযোগিতা ও সুস্পষ্ট পরিকল্পনার মাধ্যমে এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়েছে, যা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, এসএমই প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজারে অংশগ্রহণ বাড়াতে সক্ষমতা উন্নয়ন, কর্পোরেট সুশাসন ও নিয়ন্ত্রক মানদণ্ড মেনে চলার বিষয়ে সহায়তা অত্যন্ত জরুরি।

অন্যদিকে, সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেন বলেন, বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাত অন্যতম প্রধান চালিকাশক্তি হলেও এ খাত এখনও অর্থায়ন, প্রতিযোগিতাসক্ষমতা ও নিয়ন্ত্রক মানদণ্ড মেনে চলাসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি।

তিনি মনে করেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এসএমই প্রতিষ্ঠানগুলোর জন্য বিকল্প অর্থায়ন ব্যবস্থা ও ইক্যুইটিভিত্তিক মূলধন সংগ্রহের সুযোগ তৈরি করা জরুরি। ডিএসইর সঙ্গে এই অংশীদারিত্ব সম্ভাবনাময় এসএমই প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আসতে উদ্বুদ্ধ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিভিন্ন কৌশলগত খাতে যৌথ কার্যক্রম
সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান তৈরি পোশাক (আরএমজি), স্বাস্থ্যসেবা ও কৃষিখাতসহ বিভিন্ন কৌশলগত খাতে একযোগে কাজ করবে।

এছাড়া পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি), টেকসই প্রতিবেদন, উদ্যোক্তা উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি, জলবায়ু সহনশীলতা, বাণিজ্য সহায়তা ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিষয়েও যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে।

টেকসই অর্থায়ন পণ্য উন্নয়নে সহযোগিতা
চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে সক্ষমতা উন্নয়ন কর্মসূচি, সচেতনতামূলক কর্মশালা, ইনকিউবেশন সহায়তা ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করবে, যাতে বিভিন্ন প্রতিষ্ঠান পুঁজিবাজারে আরও বেশি অংশগ্রহণে উৎসাহিত হয়।

পাশাপাশি গ্রিন বন্ড, টেকসইতার সঙ্গে যুক্ত বন্ড, সুকুক এবং মিশ্র অর্থায়ন মডেলসহ বিভিন্ন টেকসই অর্থায়ন পণ্য উন্নয়নেও পারস্পরিক সহযোগিতা করা হবে।

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged