নিজস্ব প্রতিবেদক: ঈদ-পরবর্তী গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া চারটি কার্যদিবসই ছিল ঊর্ধ্বমুখী। পুরো সপ্তাহজুড়ে বাজারে ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকায় অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে ডিএসইর বাজার মূলধনও উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে ১৩ হাজার কোটি টাকার বেশি যোগ হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩২৮টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দর কমেছে মাত্র ১১টি প্রতিষ্ঠানের। এছাড়া ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল।
দাম বৃদ্ধির এই প্রবণতার ফলে সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৯৭৬ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৯ হাজার ৮১৯ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৩ হাজার ১৫৭ কোটি টাকা।
বাজার মূলধনের পাশাপাশি উল্লেখযোগ্য উত্থান হয়েছে ডিএসইর প্রধান মূল্যসূচকেও। সপ্তাহজুড়ে ডিএসইএক্স সূচক বেড়েছে ২১০ দশমিক ৮৮ পয়েন্ট, যা শতাংশের হিসাবে ৪ দশমিক ০১ শতাংশ বৃদ্ধি।
অন্য দুই সূচকের মধ্যেও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। ইসলামী শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সমন্বয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) সপ্তাহজুড়ে ৩৯ দশমিক ৫১ পয়েন্ট বা ৩ দশমিক ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে বাছাইকৃত ভালো মৌলভিত্তির কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক বেড়েছে ৭২ দশমিক ৯৯ পয়েন্ট বা ৩ দশমিক ৬৬ শতাংশ।
লেনদেনের পরিমাণেও ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ১৫৫ কোটি ৮৮ লাখ টাকা। এর আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৮৭৯ কোটি ৪৭ লাখ টাকা। সে হিসাবে প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ২৭৬ কোটি ৪১ লাখ টাকা।
সূচক, বাজার মূলধন ও লেনদেন—তিন ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।


