সূচক কমলেও বেড়েছে লেনদেন

টানা ৪ দিন উত্থানের পর দর সংশোধন, লেনদেন বেড়েছে

সময়: সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬ ৩:১১:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে টানা চার কর্মদিবস উত্থানের পর আজ (২১ সেপ্টেম্বর) স্বাভাবিক দর সংশোধন দেখা গেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদরও কমেছে।

বাজার সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, পরপর চার কর্মদিবস উত্থানের পর দর সংশোধন স্বাভাবিক এবং এটি ইতিবাচক। টানা উত্থানের পর অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নেওয়ায় কিছুটা বিক্রির চাপ তৈরি হয়, যার ফলে দিনশেষে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে—যা স্বাভাবিক ঘটনা। তবে এই দর সংশোধন যেন ধারাবাহিক না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। জুন ক্লোজিং হওয়া কোম্পানিগুলোর ডিভিডেন্ড মৌসুম শুরু হয়েছে। এর মধ্যে কয়েকটি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং আরও কিছু কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী দিনগুলোতে ডিভিডেন্ডের ভিত্তিতে সূচক ও লেনদেন বৃদ্ধি পাবে এবং বাজার আরও স্থিতিশীল হবে। তবে বাজারে যেন দরপতন না ঘটে বা কেউ গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি না করে, সেজন্য নিয়ন্ত্রক সংস্থাকে যথাযথ ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৭১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫০.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৭৩ পয়েন্ট কমে ১ হাজার ১০৭.০০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ১৫.২৬ পয়েন্ট কমে ২ হাজার ১০৫.৯১ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১০০টির দর বেড়েছে, ২৫৪টির দর কমেছে এবং ৩২টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৭৮৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৪১ কোটি ৩২ লাখ টাকা।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২১ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ১০ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৭টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ৯০টির দর কমেছে এবং ১৯টির দর পরিবর্তন হয়নি।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.০৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৮২২.১১ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচক সিএএসপিআই ১২৮.৮৭ পয়েন্ট বেড়েছিল।

Share
নিউজটি ১ বার পড়া হয়েছে ।
Tagged