দুই কোম্পানিকে নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই

সময়: মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ ২:২১:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারদরে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ পরিস্থিতিতে কোম্পানি দুটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সতর্কবার্তার আওতায় থাকা কোম্পানি দুটি হলো আইপিডিসি ফাইন্যান্স এবং সাইফ পাওয়ারটেক।

জানা যায়, শেয়ারদরের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণ জানতে গত ১৫ জুন কোম্পানি দুটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় ডিএসই কর্তৃপক্ষ। এর জবাবে আইপিডিসি ফাইন্যান্স ও সাইফ পাওয়ারটেক উভয়ই জানিয়েছে, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (Price Sensitive Information-PSI) নেই, যার কারণে শেয়ারদরে এ ধরনের বৃদ্ধি ঘটতে পারে।

বাজার তথ্য বিশ্লেষণে দেখা যায়, সাইফ পাওয়ারটেকের শেয়ারদর গত ২ জুন ছিল ৬ টাকা ১০ পয়সা। পরবর্তীতে ১৫ জুন লেনদেন শেষে শেয়ারটির দাম দাঁড়ায় ৮ টাকা ১০ পয়সায়। ফলে মাত্র ৯ কার্যদিবসের ব্যবধানে শেয়ারটির মূল্য ২ টাকা বা প্রায় ৩২ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারদর ২ জুন ছিল ১৮ টাকা ৯০ পয়সা। যা ১৫ জুন লেনদেন শেষে বেড়ে ২৭ টাকা ২০ পয়সায় পৌঁছেছে। অর্থাৎ একই ৯ কার্যদিবসে শেয়ারটির দাম ৮ টাকা ৩০ পয়সা বা প্রায় ৪৩ দশমিক ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট দুই কোম্পানির শেয়ারদরের ঊর্ধ্বগতির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হলেও, বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে ডিএসই।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged