পুঁজিবাজার থেকে ১ হাজার ৫০০ কোটি টাকা তুলবে সিটি গ্রুপ

সময়: বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ ৫:০৭:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজার থেকে ১ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রথমবারের মতো বাংলাদেশের ইকুইটি পুঁজিবাজারে যুক্ত হবে শিল্পগোষ্ঠীটি।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিটি গ্রুপের করপোরেট প্রধান কার্যালয়ে একটি চুক্তি সই হয়েছে। সিটি গ্রুপের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রয়োজনীয় আইন-কানুন পরিপালন, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে প্রস্তাবিত অর্থ সংগ্রহের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে তাদের।

সিটি গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যৎ ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং অর্থায়নের প্রয়োজন মেটাতে অন্যান্য অর্থায়ন ব্যবস্থার পাশাপাশি পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি ও টেকসই অর্থায়নের একটি উৎস হিসেবে বিবেচনা করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সিটি গ্রুপ নতুন ইস্যুকারী প্রতিষ্ঠান হিসেবে পুঁজিবাজারে প্রবেশ করবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্যও নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

প্রস্তাবিত অর্থ সংগ্রহ কার্যক্রমের ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস পিএলসি। সম্ভাব্য অর্থায়ন কাঠামোর মধ্যে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), প্রাইভেট ইকুইটি, প্রেফারেন্স শেয়ার, করপোরেট বন্ড, সুকুকসহ পুঁজিবাজারের অনুমোদিত অন্যান্য উপকরণ রাখার সুযোগ রয়েছে।

প্রযোজ্য বিধিবিধান অনুসরণ এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন পাওয়ার পর ইস্যু ব্যবস্থাপনা ও পুঁজিবাজার-সংশ্লিষ্ট কার্যক্রমে নেতৃত্ব দেবে লংকাবাংলা ইনভেস্টমেন্টস। দুই প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে সিটি গ্রুপের জন্য সবচেয়ে উপযুক্ত অর্থায়ন কাঠামো নির্ধারণ করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

প্রস্তাবিত লেনদেনের সঙ্গে সম্পর্কিত ব্যাংকিং সেবা ও প্রয়োজনীয় অবকাঠামো সরবরাহের ক্ষেত্রে লংকাবাংলা ইনভেস্টমেন্টসের সঙ্গে ব্যাংকিং পার্টনার এবং ব্যাংকার টু দ্য ইস্যু হিসেবে কাজ করবে ওয়ান ব্যাংক পিএলসি।

চুক্তি সই অনুষ্ঠানে সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান, স্পন্সর শেয়ারহোল্ডার ও পরিচালক ফারজানা রহমান এবং শম্পা রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লংকাবাংলা ইনভেস্টমেন্টস পিএলসির পরিচালক ও লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিটি গ্রুপ বাংলাদেশে পাঁচ দশকেরও বেশি সময় ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। বর্তমানে এটি দেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত। ভোজ্যতেল, আটা-ময়দা, চিনি, ডাল, চাল, ফিডসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ভোগ্যপণ্য এবং শিল্পপণ্যের ব্যবসার সঙ্গে গ্রুপটি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত।

সিটি গ্রুপের পুঁজিবাজারে প্রবেশের পরিকল্পনাকে দেশের করপোরেট খাতের জন্যও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকনির্ভরতার পাশাপাশি পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহের প্রবণতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged